আগামী দুই-তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত দামে খুচরা বাজারে আলু বিক্রি হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
বৃহস্পতিবার সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাণিজ্যমন্ত্রী বলেন, আলুর বাজার আমরা নিয়ন্ত্রণ করি না। এটা কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। তবে ভোক্তাদের সহযোগিতার জন্য আমরা টিসিবির মাধ্যমে ২৫ টাকা দরে বাজারে আলু ছেড়েছি। আশা করছি, আলুর বাজারের অস্থিরতা কমবে।
টিপু মুনশি বলেন, পেঁয়াজের জন্য ভারতের ওপর থেকে নির্ভরশীলতা কমাতে চাই। এজন্য আগামী তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চাই।
তিনি বলেন, ভারত তাদের প্রয়োজনে যেকোনো সময় পেঁয়াজ রপ্তানি বন্ধ করতে পারে। তবে তাদের কাছে অনুরোধ, এ ব্যাপারে তারা যেন অন্তত: এক মাস আগে আমাদের জানায়।
ইত্তেফাক/ইউবি