দুর্গাপূজা উপলক্ষ্যে কঠোর নিরাপত্তায় রয়েছে র্যাব :ডিজি

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতকরণে তত্পর রয়েছে র্যাব। ব্যাপক গোয়েন্দা নজরদারির পাশাপাশি দেশ জুড়ে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গোয়েন্দা তথ্যানুযায়ী পূজায় কোনো ধরনের নাশকতার আশঙ্কা নেই। এরপরও সার্বিকভাবে যে কোনো পরিস্থিতির জন্য র্যাব প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। গতকাল বনানীর পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।

তিনি বলেন , পূজাকে কেন্দ্র করে দেশ জুড়ে পর্যাপ্ত র্যাব সদস্য নিয়োজিত রয়েছেন। ২৮ অক্টোবর পর্যন্ত তারা মোতায়েন থাকবে। র্যাব বোম্ব ডিসপোজাল ইউনিট, ডগ স্কোয়ার্ড ও সুইপিং টিম সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। পূজাস্থলে নিয়োজিত অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং পূজা উদ্যাপন কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে। সবার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে, যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। যদি এমন কোনো পরিস্থিতির উদ্ভব হয়, তাহলে আমরা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছি। দুর্গাপূজা উপলক্ষ্যে র্যাবের এয়ার উইং প্রস্তুত রয়েছে। দেশ জুড়ে পূজামণ্ডপকে ঘিরে র্যাবের প্যাট্রলিং ও গোয়েন্দা নজরদারি চলমান থাকবে। মেট্রোপলিটন এলাকা ও জেলা শহরগুলোতে বাড়তি নজরদারিসহ প্রস্তুত থাকবে র্যাবের কুইক রেসপন্স টিম। সামাজিক যোগাযোগমাধ্যমে পূজাকেন্দ্রিক যে কোনো গুজব এড়াতে ও পূজামণ্ডপে নারী দর্শনার্থীদের উত্ত্যক্ত রোধে জোরদার ব্যবস্থা নেওয়া হয়েছে।