সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইন ও রাষ্ট্রদ্রোহ মামলায় দৈনিক সংগ্রামের প্রধান প্রতিবেদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীর জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। একই সঙ্গে কারাবিধি অনুযায়ী তার চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী এ আদেশ দেন। রুহুল আমিন গাজীর পক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক জামিনের শুনানি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান জামিনের বিরোধিতা করেন। বিচারক শুনানি শেষে জামিনের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে আটক রাখার আদেশ দেন। বুধবার সন্ধ্যায় মগবাজারের একটি কার্যালয় থেকে সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীকে গ্রেফতার করা হয়।