স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলায় চার আসামির রিমান্ড

গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলায় প্রধান আসামি রিয়াদসহ চার জনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদর ও বিভিন্ন ইউনিয়নে বিক্ষোভ মিছিল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ছাত্রলীগ, গৌরীপুর উপজেলা, পৌর ও কলেজ শাখার উদ্যোগে মধ্যবাজার কৃষ্ণচূড়া চত্বরে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সহসভাপতি অধ্যক্ষ রুহুল আমিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক ম নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, মহিলা সম্পাদক রাবেয়া উসলাম ডলি, কমিশনার আ কাদির, সাবেক কমিশনার শামসুল ইসলাম, নিহতের চাচা কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সাদেকুর রহমান সেলিম ও রৌশন সারোয়ার প্রমুখ।

মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিমের সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সভাপতি মশিউর রহমান কাউসারের সঞ্চালনায় মানববন্ধনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা. হেলাল উদ্দিন আহাম্মদ, নিহত শুভ্রর চাচা আওয়ামী লীগ নেতা সাদিকুর রহমান সেলিম ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড পৌর শাখার সহসভাপতি আশিকুর রহমান বাচ্চুসহ প্রমুখ।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, শুভ্র হত্যাকাণ্ডের প্রধান আসামি রিয়াদুজ্জামান রিয়াদকে আদালত তিন দিন এবং মইলাকান্দা ইউনিয়নের পশ্চিম কাউরাট গ্রামের চাঁন মিয়ার পুত্র রাসেল মিয়া, ইউনুছ আলীর পুত্র জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেকের পুত্র মজিবুর রহমানকে আদালত দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছে।