আরো বড় ব্যবধানে জিতব :ট্রাম্প ট্রাম্প ক্রেজি আংকেল :ওবামা

শেষ মুহূর্তে জমে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা। ডেমোক্র্যাট প্রার্থী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষে মাঠে নেমেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। বুধবার পেনসিলভেনিয়ায় এক সমাবেশে ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, ট্রাম্প হলেন ‘ক্রেজি আংকেল’ (ক্ষ্যাপা মামা)। তার সময়ে যুক্তরাষ্ট্রে বিভক্তি ও বর্ণবাদ বেড়েছে। অন্যদিকে নর্থ ক্যারোলিনায় এক সমাবেশে প্রতিদ্বন্দ্বী বাইডেনের পাশাপাশি ওবামার সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেছেন, ২০১৬ সালের নির্বাচনে অসত্ হিলারির চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন বারাক হুসেন ওবামা। নির্বাচনের ফল নিয়ে তিনি ভুল হিসেব কষেছিলেন। এবারের নির্বাচনে ২০১৬ সালের চেয়ে বড় ব্যবধানে জিতব। খবর:বিবিসি ও রয়টার্সের।

মার্কিন নির্বাচনের আর ১২ দিন বাকি। এই দিনগুলোতে প্রচারণার জন্য দোদুল্যমান রাজ্যগুলোকে (সুইং স্টেট) গুরুত্ব দিচ্ছেন প্রার্থীরা। কারণ এসব রাজ্যেই নির্ধারিত হবে জয়-পরাজয়। আগামী চার বছরের জন্য কে হবেন হোয়াইট হাউজের বাসিন্দা তা নির্ধারণ করে দেবে এই আট/নয়টি অঙ্গরাজ্য। এবারের অন্যতম সুইং স্টেট হলো পেনসিলভেনিয়া। যে রাজ্যে ২০১৬ সালে সামান্য ব্যবধানে জিতেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সেখানেই বাইডেনের পক্ষে বুধবার প্রচারণায় নামেন ওবামা। ট্রাম্পের বিভক্তিমূলক বক্তব্য, প্রেসিডেন্ট হিসেবে তার কর্মকাণ্ড এবং ষড়যন্ত্র তত্ত্বের রিটুইট নিয়ে সমালোচনা করেন।

ওবামা বলেন, ট্রাম্প নিজের স্বার্থ ছাড়া অন্যের জন্য বা অন্যকে সহায়তা করতে কোনো কাজ করার আগ্রহ দেখাননি। এমনকি নিজেকে রক্ষায় মৌলিক পদক্ষেপ নিতেও তিনি ব্যর্থ হয়েছেন। প্রেসিডেন্টের দায়িত্ব পালনে যোগ্যতার প্রমাণ দিতেও ট্রাম্প ব্যর্থ। যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি মোকাবিলায় ট্রাম্পের ব্যর্থতার সমালোচনা করে ওবামা বলেন, এটি কোনো রিয়েলিটি শো নয়। এটি বাস্তবতা। (ট্রাম্প অতীতে একটি রিয়েলিটি শোর উপস্থাপক ছিলেন)। ওবামা বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প প্রকাশ্যে চীনের সমালোচনা করেন। অথচ নিজেই গোপনে চীনা ব্যাংকে অ্যাকাউন্ট খুলে রেখেছেন। তিনি নিজের ‘প্রোফাইল’কে মজবুত করতে প্রেসিডেন্সিকে ব্যবহার করেছেন। 

অন্যদিকে নর্থ ক্যারোলিনায় সমাবেশে ট্রাম্পের লক্ষ্য ছিল বাইডেনকে আক্রমণ। এর ফাঁকে তিনি ওবামারও সমালোচনা করেন। ট্রাম্প বলেন, ২০১৬ সালের নির্বাচনে অসত্ হিলারির জন্য সবচেয়ে বেশি প্রচারণা চালিয়েছেন ওবামা। কিন্তু তার হিসাব-নিকাশ ভুল ছিল। হারার পর তিনি হিলারির চেয়ে বেশি কষ্ট পেয়েছিলেন। গত বছর ওবামা ডেমোক্রেটিক পার্টিতে ‘নতুন রক্ত’ প্রয়োজন বলে মন্তব্য করেছিলেন। তার এ মন্তব্যকে বাইডেনের প্রতি অনাস্থা হিসেবেও অনেকে বর্ণনা করেছিলেন। ট্রাম্প বলেন, ভোটারদের ‘ট্রাম্পের দ্রুত-পুনরুদ্ধার’ অথবা ‘বাইডেনের চরম মন্দা’র মধ্যে একটি বেছে নিতে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় (বাংলাদেশ সময় আজ শুক্রবার সকাল ৭ টায়) শেষ বিতর্কে মুখোমুখি হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন। টেনেসির ন্যাশভিলের এই বিতর্কের জন্য বাইডেন যখন প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প তখন বিভিন্ন রাজ্যে প্রচারণায় বক্তব্য দিচ্ছেন। শেষ এই নির্বাচনি বিতর্ক নিয়ে যুক্তরাষ্ট্রের মানুষ ব্যাপক আগ্রহ দেখিয়েছে। কেবল যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাষ্ট্রের বাইরের দেশগুলোতেও মার্কিন নির্বাচনি বিতর্ক দারুণ আকর্ষণের বিষয়।