কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে হতদরিদ্র এক বিধবার ছবি পালটিয়ে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বঞ্চিত ঐ নারী উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজির চালের রেশন কার্ডভুক্ত হন উপজেলার কাশিপুর ইউনিয়নের ৩ নম্বর অনন্তপুর ওয়ার্ডের হতদরিদ্র হাজরা বেগম (৫৫)। কিন্তু ইউপি সদস্য আবুল হোসেন ঐ নারীকে কার্ড না দিয়ে তার ছবির জায়গায় ছকিনা নামের এক নারীর ছবি সংযুক্ত করে দীর্ঘদিন ধরে চাল আত্মসাত্ করে আসছেন। রেশন কার্ডের জন্য হাজরা বেগম ইউপি সদস্যের বাড়িতে একাধিকবার গেলেও তাকে জানানো হয় যে তার নামে কার্ড হয়নি। পরে বাধ্য হয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য এবং কার্ড ফেরত চেয়ে অভিযোগ করেন তিনি।
ইউপি সদস্য আবুল হোসেন জানান, ‘হাজরার চাল আমি আত্মসাত্ করি নাই। হাজরার চাল তুলে ছকিনাকে দেওয়া হয়েছে।’ উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান জানান, ‘অভিযোগ পেয়েছি। বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’