চাঁদপুরে লঞ্চের কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধার

ঢাকা-চাঁদপুর রুটের একটি যাত্রীবাহী লঞ্চ থেকে গতকাল বৃহস্পতিবার দুপুরে অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করেছে চাঁদপুর নৌথানা পুলিশ। লঞ্চটি দুপুর ১টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা থাকলেও তা বাতিল করা হয়।  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ধারণা, মেয়েটির বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর।

চাঁদপুর লঞ্চঘাটে এমভি আব এ জমজম লঞ্চের ইঞ্জিন গ্রিজারের কক্ষের কেবিন থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ কক্ষটি লঞ্চের গ্রিজার মো. সুজন মোল্লা, মো. রাসেল ও মাসুম ব্যবহার করতেন।

লঞ্চের স্টাফ কেবিন থেকে তরুণীর লাশ উদ্ধারের সংবাদ পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্নিগ্ধা সরকার, চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন, চাঁদপুর নৌথানা ওসি মো. জহিরুল হক ঘটনাস্থল পরিদর্শন করেন।

গ্রিজার মো. সুজন মোল্লা বলেন, বুধবার রাত সাড়ে ১১টায় চাঁদপুরের উদ্দেশে ছেড়ে আসে লঞ্চটি। সাড়ে ৬০০ টাকার বিনিময়ে এক যুবক ও ঐ তরুণীকে কেবিনটি ভাড়া দেই। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় কেবিনটি পরিষ্কার করতে গেলে কক্ষটি তালাবদ্ধ পাই। টিকিট কাউন্টারে গিয়ে খবর নিলে কোনো চাবি দেওয়া হয়নি বলে জানতে পারি। পরে কেবিন খুললে তরুণীর লাশ দেখতে পাই।

স্নিগ্ধা সরকার বলেন, তরুণীর গায়ে থাকা ফিতা দিয়ে গলায় পেঁচিয়ে হত্যা করা হয়েছে। তবে ধর্ষণের পর হত্যা করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের পর জানা যাবে। লঞ্চটিতে সিসি ক্যামেরা না থাকায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।