দুর্নীতির মামলায় সাবেক ডিআইজি প্রিজন্স বজলুর বিচার শুরু

অবৈধ সম্পদের মামলায় কারা অধিদপ্তরের সাময়িক বরখাস্ত ডিআইজি প্রিজন্স বজলুর রশীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। একই সঙ্গে আগামী ২২ নভেম্বর সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক ইকবাল হোসেন আসামির অব্যাহতির আবেদন নাকচ করে এ আদেশ দেন।

বজলুর রশীদের পক্ষে তার আইনজীবী আবু সাঈদ অব্যাহতির আবেদনের শুনানি করেন। পাশাপাশি জামিনের আবেদন করেন। দুদকের পক্ষের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আসামির বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। এরপর তার কাছে জানতে চান, তিনি দোষী না নির্দোষ। এ সময় আসামি নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচার প্রার্থনা করেন।

গত ২৬ আগস্ট বজলুর বিরুদ্ধে দুদক চার্জশিট দেয়। চার্জশিটে বজলুর রশীদের বিরুদ্ধে ৩ কোটি ১৪ লাখ ৩৫ হাজার ৯০২ টাকার অবৈধ সম্পদের অভিযোগ আনা হয়েছে।