ব্যাংকিং সেবা আধুনিকায়নের জন্য মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমটিবি) লেনদেন এক সপ্তাহ বন্ধ থাকবে। এ সময়ে গ্রাহক-ব্যাংক ও ব্যাংক-ব্যাংক সব ধরনের লেনদেন সেবাও বন্ধ থাকবে। গতকাল বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।
দেশের সব তপশিলি ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ঐ প্রজ্ঞাপনে বলা হয়, গ্রাহকদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কোর ব্যাংকিং সিস্টেমে ব্যাংকিং লেনদেন মাইগ্রেশন সম্পন্ন করার লক্ষ্যে আগামী ২৯ অক্টোবর রাত ১১টা ৫৫ মিনিট থেকে ৫ নভেম্বর রাত ৯টা ৩০ মিনিট পর্যন্ত এমটিবির লেনদেন সাময়িকভাবে বিরত রাখার বিষয়ে সম্মতি জ্ঞাপন করা হয়েছে। এই এক সপ্তাহে ব্যাংকের সব ধরনের শাখা ব্যাংকিং, চেক/ইএফটি/আরটিজিএস লেনদেনসমূহ, পস/এটিএম এবং ই-কমার্স সাইটের ডেবিট এবং ক্রেডিট কার্ড লেনদেনসমূহ, ইন্টারনেট ব্যাংকিং বন্ধ থাকবে।