মানিকগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে নিহত ৩

মানিকগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ জন যাত্রী। এছাড়া সড়কে আরো তিন জনের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-

মানিকগঞ্জ :সিংগাইর উপজেলার ঋষিপাড়ায় ঢাকামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ২০ যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল উপজেলার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের বকচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বাস চালক হূদয় হোসেন (২৮), যাত্রী আনোয়ারা বেগম (৬৫) এবং পথচারী নিখিল সরকার (২৫)।

বড়াইগ্রাম (নাটোর) :বড়াইগ্রামের বনপাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক তারেক মোল্লা নিহত ও অন্তত ১৫ জন আহত হয়েছে। গতকাল উপজেলার বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মহিষভাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারেক মোল্লা রাজবাড়ি জেলার সদর উপজেলার এরেন্দা গ্রামের হবিবর রহমান মোল্লার ছেলে।

মিঠাপুকুর (রংপুর) :মিঠাপুকুরে বাসচাপায় ফজলু মিয়া (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শঠিবাড়ী আল ফারুক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ফজলু মিয়া দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার কুচদহ হঠাত্পাড়া গ্রামের বাসিন্দা।

চাঁদপুর :হাজীগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাত যুবকের মৃত্যু হয়েছে। গতকাল মোটরসাইকেলে অজ্ঞাতনামা যুবকটি চাঁদপুর থেকে হাজীগঞ্জে যাওয়ার পথে পৌরসভাধীন কৈয়ারপুল নামক স্থানে পেছন দিক থেকে একটি পিকআপভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

পৃথক দুর্ঘটনায় শিশুসহ আহত ৭

গাংনী (মেহেরপুর) সংবাদদাতা জানান, গাংনীতে পাখীভ্যান ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ চার জন আহত হয়েছেন। গতকাল পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামের পিএসকেএস অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। অন্যদিকে পৃথকস্থানে তিন জন গুরুতর আহত হয়েছেন। গত বুধবার উপজেলার মিকুশিস হাই স্কুলের সামনে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত লাটা হামাবারের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নড়াইল:নড়াইলে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীসহ দুইজন গুরুত্বর আহত হয়েছেন। এর মধ্যে একজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার নড়াইল-যশোর সড়কের তুলরামপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।