ব্যানার ও ফেস্টুন হাতে বিভিন্ন শ্রেণিপেশার নারীদের অংশগ্রহণে রাজধানী মিরপুরের বিভিন্ন সড়কে র্যালি শেষে আলোচনাসভা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘পাথওয়ে’। গতকাল বৃহস্পতিবার জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উপলক্ষ্যে এই র্যালি ও আলোচনাসভার আয়োজন করে সংস্থাটি।
পরে মিরপুর-১০ গোলচত্বরে ও সংগঠনটির কার্যালয়ে পৃথক আলোচনাসভায় পাথওয়ের নির্বাহী পরিচালক শাহিন বলেন, বর্তমান সরকারের সময়ে ব্যাপক উন্নয়নের ফলে সড়ক-মহাসড়কে যান চলাচলে গতি বেড়েছে। কিন্তু বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং বিপজ্জনক ওভারটেকিং বেড়ে যাওয়ার কারণে সড়ক দুর্ঘটনাও বাড়ছে। নিরাপদ সড়ক নিশ্চিতে পরিবহনের চালক-শ্রমিকদের পাশাপাশি যাত্রী-পথচারীদের সচেতনতা বাড়াতে হবে।
তিনি আরো বলেন, উলটা পথে গাড়ি চালাবেন না। যান্ত্রিক ত্রুটিযুক্ত ও ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় চালাবেন না। বৈধ কাগজপত্র ছাড়া গাড়ি রাস্তায় নামাবেন না, ওভারটেকিং করবেন না। গাড়ি চালনাকালে মোবাইল ফোন ব্যবহার করবেন না।
এছাড়া সভায় উপস্থিত চালক, হেলপার, পথচারীদের বোঝানোর জন্য ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক নির্দেশনা, জেব্রাক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপারের সঠিক নিয়ম বিস্তারিত আলোচনা করেন পাথওয়ের প্রশিক্ষকবৃন্দ।
উল্লেখ্য, সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের জীবনমান উন্নয়ন ও স্বাবলম্বী করতে ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে ফ্রি ড্রাইভিং প্রশিক্ষণ দিয়ে আসছে পাথওয়ে ড্রাইভিং ট্রেনিং স্কুল। পাশাপাশি সেলাই মেশিন ব্যবহার প্রশিক্ষণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।