করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা

আগামী শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আসতে পারে। ঐ সময়ে তৈরি পোশাক খাতের শ্রমিকসহ এ খাতের উত্পাদন সচল রাখতে প্রস্তুতি নেওয়ার জন্য মালিকপক্ষকে পরামর্শ দিয়েছে শ্রম মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার তৈরি পোশাক খাত বিষয়ে ত্রিপক্ষীয় পরামর্শক কমিটির সভায় এ নির্দেশনা দেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। এ সময় তিনি বলেন, করোনা মহামারির শুরুতেই প্রধানমন্ত্রীর সময়োপযোগী পদক্ষেপের ফলে গার্মেন্টসসহ সব খাত ভালো অবস্থায় রয়েছে। সারা বিশ্বের অর্থনৈতিক স্থবিরতার মধ্যেও আমাদের রপ্তানি আয় বাড়ছে। সভায় শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি কারখানা মালিক ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, সরকার রপ্তানিমুখি তৈরি পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন নীতিমালা অনুমোদন করেছে। কার্যক্রমটি বাস্তবায়নে বাংলাদেশ সরকারের পাশাপাশি উন্নয়ন সহযোগী ইউরোপিয়ান ইউনিয়ন ও ফেডারেল জার্মান সরকার অর্থায়ন করবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রম মন্ত্রণালয়ের সচিব কে এম আব্দুস সালাম, বিকেএমইএর সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক ফজলে শামীম এহসান, বিজিএমইএর পরিচালক আ ন ম সাইফুদ্দিন, জাতীয় শ্রমিক লীগের সভাপতি ফজলুল হক মন্টু, সম্মিলিত গার্মেন্টসশ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার প্রমুখ।