বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনার রেশ না কাটতেই নোয়াখালীতে এবার অস্ত্র ঠেকিয়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার দুপুরের এ ঘটনায় স্থানীয় এক যুবলীগ নেতাকে গ্রেফতার ও তার বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।
একই দিন গাজীপুরে এক পোশাকশ্রমিককে দল বেঁধে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা। এছাড়া সাভার, নারায়ণগঞ্জ, গাইবান্ধা ও রাজশাহীতে ধর্ষণের শিকার হয়েছে আরো চার তরুণী ও শিশু। এসব ঘটনায় আট জনকে গ্রেফতার করা হয়েছে।
চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা জানান, জেলার চাটখিলে অস্ত্র ঠেকিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ৮ নম্বর নোয়াখলা ইউনিয়ন (পশ্চিম) যুবলীগের আহ্বায়ক মুজিবুর রহমান শরীফকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতেই তাকে গ্রেফতার করা হয়। পরে ইয়াছিন হাজির বাজারে তার ব্যক্তিগত অফিস ও বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, পাঁচটি মোবাইল সেট, একটি ল্যাপটপ ও এক কার্টন কনডম উদ্ধার করা হয়।
এ ব্যাপারে অস্ত্র আইনে শরীফের বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে তার বিরুদ্ধে ৯টি মামলা হলো। গতকাল বৃহস্পতিবার সকালে এএসপি (সার্কেল) সাইফুল আলম খান থানায় শরীফকে জিজ্ঞাসাবাদ করেন। দুপুরে তাকে আদালতে পাঠিয়ে ২০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ধর্ষণ মামলায় তিন দিন ও অস্ত্র মামলায় এক দিনের রিমান্ড মনজুর করে।
এদিকে উপজেলা যুবলীগ এক প্রেস বিজ্ঞপ্তিতে শরীফকে নারী নির্যাতনে জড়িত থাকার অভিযোগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে। এছাড়া শরীফ গ্রেফতার হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে এলাকাবাসী।
পোশাক শ্রমিককে দল বেঁধে ধর্ষণ
গাজীপুর প্রতিনিধি জানান, কারখানা থেকে বাসায় ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে এক পোশাকশ্রমিককে দুর্বৃত্তরা দল বেঁধে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে গাজীপুরের কাশিমপুরে সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার বিচার দাবিতে বৃহস্পতিবার সকালে ঐ নারী শ্রমিকের সহকর্মীরা কাশিমপুর থানার সামনে বিক্ষোভ করেন। ঘটনায় জড়িত আমিনুল ইসলাম (২৮), শাহাদাত হোসেন (৩৫) ও বায়েজিদ হোসেনকে (৩০) আটক করেছে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার থোয়াই অংপ্রু মারমা জানান, ভুক্তভোগী নারী শ্রমিককে পরীক্ষার জন্য গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কাশিমপুর থানার ওসি কুদরত-ই-খোদা জানান, জড়িত সব আসামিকে গ্রেফতার করা হবে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।
স্কুলছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণ
গাইবান্ধা প্রতিনিধি জানান, সদর উপজেলায় স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি লিয়ন মিয়াকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টার দিকে উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। লিয়ন উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খামার টেংগরজানী গ্রামের সাহেব উদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে একই গ্রামে ঐ ছাত্রী ধর্ষণের শিকার হয়।
আরো এক ছাত্রী ধর্ষণের শিকার
নারায়ণগঞ্জ স্টাফ রিপোর্টার জানান, সিদ্ধিরগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে (১১) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার রাতে অভিযুক্ত চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো নাসির, এনায়েত, উজ্জ্বল ও আরিফুল। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ফারুক জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন।
মেয়র প্রার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
বাঘা (রাজশাহী) সংবাদদাতা জানান, উপজেলার আড়ানী পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী রিবন আহাম্মেদ বাপ্পী ও তার এক বন্ধুর বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে। বর্তমান মেয়র মুক্তার আলীর ভাগনি বৃহস্পতিবার বিকালে তিন মাস পূর্বের ঘটনা উল্লেখ করে মামলাটি দায়ের করেন। তবে বাপ্পী এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে বলেন, ‘ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন বর্তমান মেয়র।’ এ ব্যাপারে মেয়র মুক্তার আলী বলেন, ‘এ মামলায় আমার কোনো হাত নেই।’
ধর্ষণের ঘটনা ধামাচাপার চেষ্টা
সাভার থেকে ইত্তেফাক রিপোর্টার জানান, পৌর এলাকার ভাগলপুর মহল্লায় গত বুধবার এক কিশোরি ধর্ষণের শিকার হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও পরে তা প্রকাশ পায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সাভার মডেল থানায় মামলা করেছেন।
আসামিরা হলো বরিশাল জেলার আগৈলঝাড়া থানার চাউকাঠি গ্রামের মৃত আবু বক্কর সরদারের ছেলে নিজামুদ্দিন ও তার বাড়ির মালিক শরিফুল ইসলাম। সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ভুক্তভোগীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকের ওসিসিতে পাঠানো হয়েছে। আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
ইত্তেফাক/জেডএইচ