বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত দুই দিন ধরে টানা ভারি বর্ষণে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এর প্রভাবে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ারে উপজেলার চরাঞ্চাল ও নিম্নাঞ্চলসহ বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। দিনে দুই দফায় জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৩-৪ থেকে ফুট বেড়ে জলোচ্ছ্বাসের সৃষ্টি হচ্ছে। এসময় উপজেলার মেঘনা নদীর তীরবর্তী এলাকা এবং চরাঞ্চলের এলাকার প্রায় কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। অবিরাম বৃষ্টিতে কয়েক হাজার একর উঠতি রোপা আমন ধানের জমি পানিতে তলিয়ে যায় এবং অধিকাংশ এলাকায় কৃষকের লাগানো শীতকালিন আগাম সবজি ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার সকাল থেকে গত দুই দিনে টানা ভারি বর্ষণ এবং দিনে দুই দফায় মেঘনার নদীর অস্বভাবিক জোয়ারের পানিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। এতে বেড়ীবাঁধ না থাকায় মেঘনা নদীর তীরবর্তী বালুরচর, সুজনগ্রাম, জনতা বাজার, মুন্সীরহাট, বাংলাবাজার, সবুজগ্রাম, আসলপাড়া, পৌর শহর আলেকজান্ডার বাজার এলাকা, সেবাগ্রাম, চরটগবী, গাবতলী, চরআলগী, চরগোসাই, চররমিজ, বড়খেরী, চরগাজী, চরগজারিয়া, চর মুজাম্মেল ও তেলিরচরসহ নিম্নাঞ্চল এলাকাগুলো পানির নিচে তলিয়ে যায়। এসময় এসব এলাকার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েন।
উপজেলার চর রমিজ ইউনিয়নের চরআফজল এলাকার কৃষক হাবিবুর রহমান মাঝি জানান, গত দুই দিনের ভারি ভর্ষণে তার চাষ করা প্রায় ১০ একর জমির উঠতি আমন ধানের ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চর আবদুল্যাহ ইউনিয়নের চরগজারিয়ার চেয়ারম্যান বাজারের ব্যবসায়ী ও ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক তছলীম উদ্দিন জানান, জোয়ারের পানিতে এই চর এলাকার চেয়ারম্যান বাজার ও জনতা বাজার পানিতে তলিয়ে যায়। এতে বাজারের ব্যবসায়ীরা চরম দুর্ভোগে পড়তে হয়।
চরআলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন লিটন চৌধুরী জানান, তার ইউনিয়নের নদীর তীরবর্তী এলাকাগুলোতে জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এতে এলাকার কয়েকশ একর উঠতি রোপা আমন ধানের জমি পানিতে তলিয়ে গেছে।
চরআব্দুল্যাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল উদ্দিন জানান, তার ইউনিয়নটি চারদিকে মেঘনা নদী বেষ্টিত হওয়ায় অস্বাভাবিক জোয়ারের পানিতে জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়। এতে চর এলাকাসহ চেয়ারম্যান বাজার ও জনতা বাজার পানির নিছে তলিয়ে যায়। জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বসতঘর।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন বলেন, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে এলাকায় গত দুই দিন ধরে ভারি বৃষ্টিপাত শুরু হয়েছে। এতে জনপ্রনিধিদেরকে এলাকাবাসীর পাশে থাকার জন্য বলা হয়েছে। তাদের মাধ্যমে সার্বক্ষণিক খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
ইত্তেফাক/এমআরএম