বিনোদন রিপোর্ট
কলকাতার সুপারস্টার দেব এর সাথে জুটি বেঁধে নতুন ছবি ‘কমান্ডো’র কাজ থমকে গিয়েছিল করোনার কারণে। অবশেষে আবারও শুরু হচ্ছে ছবিটি। উল্লেখ্য, প্রথমবারের মতো বাংলাদেশি প্রযোজনায় অভিনয় করছেন এই তারকা। যেখানে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়িকা জাহারা মিতুকে। ছবিটির জন্য এবার তারা দুবাইয়ে যাচ্ছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় চলমান একাধিক ছবি থাকলেও এটিই সবচেয়ে বড় বাজেটের চলচ্চিত্র। জানা যায়, গত ১৪ অক্টোবর কলকাতার টিম নিয়ে দুবাই গিয়েছিলেন দেব। বাংলাদেশ থেকে ছবিটির পরিচালক শামীম আহমদে রনীও হাজির হন সেখানে। টানা পাঁচ দিন লোকেশন দেখে তারা সিদ্ধান্ত নেন, ১ নভেম্বর থেকে শুটিং শুরু করবেন। প্রযোজনা প্রতিষ্ঠান জানায়, টানা ১৫ দিন শুট হবে সেখানে। সব ঠিক থাকলে বাংলাদেশের ইউনিট ৩০ অক্টোবরের মধ্যে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হবে।
এদিকে জাহারা মিতু তার প্রথম ছবির জন্য অপেক্ষারও অবসান হতে যাচ্ছে। নিজেকে নতুন ভাবে তৈরি করতে কসরতও কম করেননি। ১৫ কেজি ওজন কমিয়েছেন। মিতু’র কথায়, প্রত্যেকেরই পরিশ্রমের একটা রিটার্ন থাকে। আমিও আশাবাদী আমাদের এই ছবিকে দর্শকরা দারুণভাবে গ্রহণ করবেন। উল্লেখ্য, চলতি বছরের মার্চে সিনেমাটির জন্য কলকাতা গিয়েছিলেন ‘সুপার মডেল বাংলাদেশ-২০১৭’ ও ‘সুপার মডেল ইন্টারন্যাশনাল-২০১৭’ বিজয়ী এই শিল্পী।