রাজশাহীর বাঘায় পৌর নির্বাচনকে ইস্যু করে সম্ভাব্য মেয়র প্রার্থীর বিরুদ্ধে বর্তমান মেয়র তার কলেজ পড়ুয়া ভাগ্নিকে দিয়ে ধর্ষণ মামলা দায়ের করিয়েছেন। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৩অক্টোবর) বিকেলে আড়ানী পৌর বাজারে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে স্থানীয় জনতা।
বিকেল সাড়ে ৪ টায় আড়ানী পৌর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত ঐ মানব ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন অসংখ্য নারী সহ-পৌর আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন রাস্তা পদক্ষিন করে আড়ানী বাজারের ঐতিহাসিক তেঁতুল তলায় মিলিত হয়। সেখানে পথ সভায় বক্তব্য রাখেন বাঘা উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন ।
বক্তারা বলেন, বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। মেয়র মুক্তার আলী আপনি পৌর অভিভাবক হয়ে কিভাবে আপনার কলেজ পড়ুয়া ভাগ্নিকে দিয়ে উদীয়মান ছাত্র নেতা ও আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করালেন সেটা আমাদের বোধগম্য নয়। তবে এ টুকু বুঝতে পারছি, আসন্ন পৌর নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী হওয়া এবং তার পাশ সুনিশ্চিত বুঝতে পেরে আপনি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে এই মিথ্যা মামলাটি দায়ের করিয়েছেন। দয়া করে এ মামলাটি অনতিবিলম্বে প্রত্যাহার করাবেন। নইলে কঠিন থেকে কঠোরতম কর্মসূচী দেয়া হবে। এই সাথে মামলাটি সঠিক তদন্তের জন্য পুলিশ প্রশাসনের প্রতিও আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য গত বৃহস্পতিবার আড়ানী এরশাদ আলী মহিলা ডিগ্রী কলেজ পড়ুয়া এক ছাত্রী বাঘা থানায় রিবন আহম্মেদ বাপ্পীর বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেখানে উল্লেখ করা হয়েছে, তিনমাস পূর্বে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ধর্ষণ করে বাপ্পী। এ সময় তাকে সহায়তা করে তার বন্ধু বিপ্লব।
তবে বাপ্পী স্থানীয় সাংবাদিকদের কাছে এ ঘটনা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। তিনি বলেন, আসন্ন আড়ানী পৌর নির্বাচন কে সামনে রেখে আমি সম্ভাব্য মেয়র প্রার্থী হিসাবে গণসংযোগ করছি। আমার পক্ষে দলীয় লোকজন সাড়া দিয়েছে। সৃষ্টি হয়েছে গণজোয়ার। আর এ বিষয়টি মেনে নিতে পারছে না বর্তমান মেয়র মুক্তার আলী। এ কারণে তিনি ষড়যন্ত্র করে তার মামাত বোনের মেয়েকে দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যে মামলা দায়ের করিয়েছেন।
ইত্তেফাক/এমএএম