নাগরিকদের সতর্ক করল উত্তর কোরিয়া
বিবিসি
চীন থেকে উড়ে আসা ‘হলুদ ধুলো’ করোনা ভাইরাস বয়ে আনতে পারে বলে নিজ দেশের নাগরিকদের সতর্ক করল উত্তর কোরিয়া। এ কারণে দেশটি তাদের নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে। এ সতর্কতা জারির পর রাজধানী পিয়ংইয়ংয়ের রাস্তাঘাট বৃহস্পতিবার কার্যত জনশূন্য ছিল।
রাষ্ট্র নিয়ন্ত্রিত কোরিয়ান সেন্ট্রাল টেলিভিশন (কেসিটিভি) জানিয়েছে, চীন থেকে ধেয়ে আসা এ দূষিত ধুলো নাগরিকদের স্বাস্থ্যহানি ঘটাতে পারে। এ কারণে তাদের ঐদিন ঘরের বাইরে আসতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে নির্মাণ শ্রমিকদের এ নিষেধাজ্ঞার আওতায় রাখা হয়েছে। সতর্কবার্তায় বলা হয়, মঙ্গোলীয় ও চীনা মরুভূমি থেকে বছরের নির্দিষ্ট সময়ে উত্তর ও দক্ষিণ কোরিয়ায় এই ধুলোঝড় আসে। এটি যথেষ্ট বিষাক্ত ও চরম স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ। এটি যে শুধু এ সময়ে আসছে তা নয়, বছরের পর বছর এগুলো আসছে। কিন্তু বর্তমান করোনা সংকটের কারণে এই বিষাক্ত হলুদ ধুলো নাগরিক স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে বলে সতর্কবার্তায় বলা হয়েছে। যদিও এর সঙ্গে কোভিড-১৯ এর আদৌ কোনো সংযোগ আছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। উল্লেখ্য, উত্তর কোরিয়া নিজেকে করোনামুক্ত বলে দাবি করলেও জানুয়ারি থেকেই দেশটি উচ্চমাত্রার সতর্কতার মধ্যে রয়েছে। সীমান্ত বন্ধ করে দেওয়ার পাশাপাশি চলাফেরায় কড়াকড়ি আরোপ করা হয়েছে। গত বুধবার কেসিটিভির বিশেষ আবহাওয়া বুলেটিনে এই হলুদ ধুলোর বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়।
পিয়ংইয়ংয়ে অবস্থিত বিভিন্ন দূতাবাসকেও সতর্কতা দেওয়া হয়েছে। রুশ দূতাবাস তাদের ফেসবুক পেইজে জানিয়েছে, উত্তর কোরিয়ার পররাষ্ট্র দপ্তর তাদের এবং অন্য কূটনৈতিক মিশন ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে সতর্ক করেছে। সব বিদেশি নাগরিকদের বাড়িতে অবস্থান ও জানালা শক্ত করে বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। শুধু উত্তর কোরিয়া নয়, ধুলো থেকে করোনা ছড়ানোর শঙ্কায় রয়েছে এশিয়ার দেশ তুর্কমেনিস্তানেও। সেখানকার জনগণকে মাস্ক পরার নির্দেশ দেওয়া হয়েছে।