তৃতীয় পর্যায়ের ট্রায়ালে ভারতের কোভ্যাকসিন

 

ভারতে তৈরি আরো এক করোনা ভ্যাকসিন, কোভ্যাকসিনের তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু হবে বলে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ জানিয়েছে। দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে বলে তাদের তরফে জানানো হয়েছে। খবর ডয়চেভেলে

ভারতে এই মুহূর্তে চারটি ভ্যাকসিনের ট্রায়াল চলছে। পুনের সিরাম ইনস্টিটিউট অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে। সেই ট্রায়ালও এখন তৃতীয় পর্যায়ে রয়েছে। কোভ্যাকসিনের ট্রায়াল চালাচ্ছে হায়দরাবাদের একটি সংস্থা। শুক্রবার তারা জানিয়েছে, দ্বিতীয় পর্যায়ের ট্রায়াল সফল হয়েছে। কয়েক দিনের মধ্যেই তারা তৃতীয় পর্যায়ের ট্রায়াল শুরু করবে। ভারতের মোট ১০টি রাজ্যের ১৯টি অঞ্চলে তৃতীয় পর্যায়ের ট্রায়াল হবে বলে তারা জানিয়েছে। মোট ২৮ হাজার ৫০০ জন স্বেচ্ছাসেবকের ওপর ভ্যাকসিন প্রয়োগ করা হবে। যাদের বয়স ১৮ বছরের ওপরে।

এ দিকে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে ফের ধোঁয়াশা তৈরি হয়েছে। কিছুদিন আগে আমেরিকায় ঐ ভ্যাকসিনের ট্রায়ালে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন। যার জেরে বেশ কিছুদিন ভ্যাকসিনের ট্রায়াল বন্ধ ছিল। বৃহস্পতিবার ব্রাজিলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তার ওপর ঐ ভ্যাকসিন প্রয়োগ হলেও মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। অক্সফোর্ডও জানিয়ে দিয়েছে, আপাতত ট্রায়াল বন্ধ হবে না। ভারতের সিরাম ইনস্টিটিউটের পক্ষ থেকেও জানানো হয়েছে, নির্দিষ্ট নিয়ম মেনেই ভ্যাকসিনের ট্রায়াল চলবে।

ভারতে তৈরি কোভ্যাকসিন নিয়ে এর আগে বহু বিতর্ক হয়েছে দেশে। নরেন্দ্র মোদি চেয়েছিলেন ১৪ অগাস্ট কোভ্যাকসিন বাজারে ছাড়ার ঘোষণা করে দিতে। কিন্তু ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল সায়েন্স তাতে রাজি হয়নি। বলা হয়েছিল, পরীক্ষা না করে ভ্যাকসিন বাজারে ছাড়া উচিত হবে না। শুক্রবার জানানো হয়েছে, তৃতীয় পর্যায়ের পরীক্ষা সফল হলে আগামী বছরের গোড়াতেই ঐ ভ্যাকসিন বাজারে ছাড়া হবে।