গাইবান্ধায় আমনখেতে ইঁদুরের আক্রমণ

বিপাকে কৃষক

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় আমন ধানের খেতে ইঁদুরের আক্রমণে বিপাকে পড়েছেন কৃষক। ফলে চলতি বছর স্থানীয় কৃষক আমন ধানের ফলনে ক্ষতির আশঙ্কা করছেন। সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর গ্রামের বর্গাচাষি রেজাউল করিম জানান, চার বিঘা জমিতে আমন ধান রোপণ করেছেন। এখন বের হতে শুরু করেছে শিষ। কিন্তু তার মধ্যেই এক ধরনের বড় বড় ইঁদুর এই ধান গাছগুলো কেটে সাবাড় করছে। কোনোভাবেই তা ঠেকানো যাচ্ছে না। আরেক কৃষক আব্দুল লতিফ মিয়া জানান, ধানখেতে বিষমাখা খাবার প্রয়োগসহ বিভিন্ন পদ্ধতিতে ফাঁদ দিয়েও এই ইঁদুরকে ধরা যাচ্ছে না। সুন্দরগঞ্জ উপজেলার রামজীবন ইউনিয়নের নিজপাড়া গ্রামের কৃষক আ. আজিজ মিয়া জানান, যে ধানখেতে পানি আছে। সেই ধানখেতে এই ইঁদুরের আক্রমণ বেশি হচ্ছে। সাদুল্লাপুর উপজেলার হবিবুল্লাপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আকতারুজ্জামান জানান, বিভিন্ন বিষ টোপ প্রয়োগ করা ছাড়াও খেতে কলাগাছ, লাঠি কিংবা বাঁশের কঞ্চিতে পলিথিন বেঁধে দেওয়ার পরামর্শ কৃষকদের দেওয়া হচ্ছে। ঐ পলিথিন বাতাসে উড়ে এক ধরনের শব্দ হবে এতে ভয়ে ইঁদুর খেত ছেড়ে চলে যাবে। সাদুল্লাপুর উপজেলা কৃষি কর্মকর্তা মো. খাজানুর বলেন, এই প্রজাতির ইঁদুর খুব চালাক। তাই খেতে ইঁদুরের যাওয়া-আসার পথে প্রথমে এক/দুই দিন মাছের শুঁটকিসহ বিভিন্ন খাবার ছিটিয়ে রাখলে তা সহজে খাবে। পরে ঐ পথে জিংক ফসফাইট মিশ্রিত ঐসব খাবার ছিটিয়ে রাখতে হবে। অথবা লানিরেট ছিটিয়ে রাখলেও এই ইঁদুর দমন করা সম্ভব।