শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের নিয়মিত বোর্ড সভা না হওয়ায় ইনসাবের ক্ষোভ

ইত্তেফাক রিপোর্ট

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়াধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ড সভা নিয়মিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে ‘ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ’ (ইনসাব)। বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে ইনসাবের কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় সংগঠনের নেতারা বলেন, প্রতি তিন মাস পরপর বোর্ড সভা ডাকার বিধান থাকলেও তা মানা হচ্ছে না। গত দেড় বছরে মাত্র তিনটি সভা হয়েছে। প্রতি মাসে বোর্ড সভা অনুষ্ঠানের দাবি জানান তারা।

সভায় ইনসাব নেতারা বলেন, ফাউন্ডেশনে প্রায় ৫০০ কোটি টাকা জমা রয়েছে। নির্মাণশিল্পে কর্মরত ৩৫ লাখ শ্রমিক করোনাকালে কর্মহীন হয়ে পরিবারপরিজন নিয়ে অনাহারে-অর্ধাহারে জীবনযাপন করছেন। শ্রমিক-কর্মচারীদের একমাত্র ভরসার স্থান শ্রম মন্ত্রণালয় হলেও করোনার মহামারিকালে শ্রমিকদের জন্য মন্ত্রণালয় তেমন কোনো ভূমিকা রাখেনি।

ইনসাব সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবদুর রাজ্জাকের পরিচালনায় সভায় নেতারা নির্মাণ শ্রমিকদের জন্য পেনশন স্কিম চালু, কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতি মাসে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের বোর্ডের সভা করা এবং শ্রমজীবী মানুষের সামাজিক নিরাপত্তার দাবিতে আগামী ৩১ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান।