চবি শিক্ষককে প্রাণনাশের হুমকিতে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের উদ্বেগ

বশেমুরবিপ্রবি সংবাদদাতা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক অ্যাসোসিয়েশন বাংলাদেশ (পিউট্যাব)। বিষয়টি জানিয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষক জাকিয়া সুলতানা মুক্তা। প্রতিবাদ লিপিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৯১ জন শিক্ষক স্বাক্ষর করেন। প্রতিবাদ লিপিতে বলা হয়, সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকে মৌলবাদী একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগমাধ্যমে অডিওবার্তা প্রেরণের মাধ্যমে প্রাণনাশের হুমকি পাঠিয়েছে। বিষয়টি অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক। ঐ শিক্ষকের জীবনের নিরাপত্তা নিয়ে ভীষণ উদ্বেগ প্রকাশ করা হয়। রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তদন্ত করে এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।