সমন্বিত চেষ্টায় পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব

ইত্তেফাক রিপোর্ট

সবার সমন্বিত চেষ্টায় রাজধানীর পরিবেশ বিপর্যয় রোধ সম্ভব বলে দাবি করেছে ‘সবুজ আন্দোলন’ নামক একটি পরিবেশবাদী সংগঠন। গতকাল সংগঠনটির ঢাকা মহানগর উত্তর শাখার উদ্যোগে মিরপুরের একটি রেস্টুরেন্টে এক আলোচনা সভায় এমন দাবি করেন সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, ঢাকায় বসবাসরত মোট জনসংখ্যার ১১ শতাংশ বায়ু দূষণজনিত রোগে ভুগছে। পরিবেশ দূষণমুক্ত করতে সরকারের পাশাপাশি এগিয়ে আসতে হবে সবাইকে। সবার সমন্বিত চেষ্টায় পরিবেশ দূষণমুক্ত রাখা সম্ভব। দূষণ রোধে শুধু রাষ্ট্র বা সরকার নয়, প্রত্যেক মানুষের ভূমিকা থাকা অত্যন্ত জরুরি। ঢাকা মহানগর উত্তরের যুগ্ম-আহ্বায়ক মহসিন আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের চেয়ারম্যান বাপ্পি সরদার, পরিচালনা পরিষদের মহাসচিব মহসিন সিকদার পাভেল প্রমুখ।