গতকাল শুক্রবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার গোপিনাথপুর এলাকায় একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং ঘরে থাকা দুই ভাই-বোনকে চাপা দেয়। তিন বছরের তাসফিয়া খানম ঘটনাস্থলেই নিহত হয়। তার ভাই রাব্বি সিকদার (৬) গুরুতর আহত হয়। তাকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পিকআপটি ভাঙ্গা থেকে গোপালগঞ্জ সদরের দিকে আসছিল বলে গোপিনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক আবু নাঈম জানিয়েছেন।
এছাড়া গোপালগঞ্জে গত দুই দিনে আরো দুইটি দুর্ঘটনায় এক নারীসহ দুই জন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে ধূসর ব্রিজের কাছে একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের ওপর গিয়ে পড়ে। এতে গাড়িচালক শাহিন মোল্লা (৩০) নিহত হন। আহত হন গাড়ির দুই যাত্রী। নিহত শাহিন মোল্লা ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার আতালিয়া গ্রামের আয়ূব আলী মোল্লার ছেলে। আহত নন্দন দত্ত (২২) ও কার্ত্তিক মন্ডলকে (২৪) গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, গাছের সঙ্গে ধাক্কা লেগে চালকসহ গাড়ির তিন আরোহী গুরুতর আহত হন। চালক শাহিন মোল্লাকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর সেখানে তিনি মারা যান। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
গত বৃহস্পতিবার রাতে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড়ে মাইক্রোবাস চাপায় খুশি বেগম (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। তার বাড়ি মুকসুদপুর উপজেলার প্রভাকরদী গ্রামে। মুকসুদপুর থানার ওসি মো. আবু বকর মিয়া জানিয়েছেন, খুশি বেগম কলেজ মোড় এলাকায় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুকসুদপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।