বর্বর, ঘৃণ্য কৌশলে বৃদ্ধকে খুন

স্টাফ রিপোর্টার, রংপুর 

রংপুরের মাহিগঞ্জ এলাকায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক বৃদ্ধকে খুন করেছে তিন ব্যক্তি। নিহত বৃদ্ধের নাম মাহির উদ্দিন (৬০)। এ ঘটনায় বৃদ্ধের স্ত্রী আলেয়া বেগম থানায় রশিদুলসহ তিন জনের নামে হত্যা মামলা দায়ের করেছেন। এখন পর্যন্ত আসামিদের গ্রেফতার করতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, বুধবার ফিড মিলের মেশিন পরিষ্কার করার সময় পূর্ব ঘটনার জেরে হাওয়া মেশিন দিয়ে মাহির উদ্দিনের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয় রাশিদুলসহ তিন ব্যক্তি। তিন দিন রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন থাকা অবস্থায় গতকাল শুক্রবার মারা যান তিনি।

আলেয়া বেগম অভিযোগ করেন, অভিযুক্তরা তার স্বামীকে হত্যার উদ্দেশ্যেই পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিয়েছে। তিনি অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সার্জারি ওয়ার্ডের কর্মরত সহযোগী অধ্যাপক আনোয়ারুল হোসেন জানান, পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেওয়ার কারণে তার দুটি কিডনি নষ্ট হয়ে যায়। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। কিডনি নষ্ট হওয়ার কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।