গলিত লোহা ছিটকে দুই শ্রমিকের মৃত্যু

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে লোহা গলানোর কড়াই (ভাট্টি) থেকে গলিত লোহা ছিটকে পড়ে দুই  শ্রমিক নিহত ও চার শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। সেফটি জ্যাকেট ছাড়াই সাধারণ পোশাকে শ্রমিকরা কাজ করার কারণে এখানে প্রায়ই দুর্ঘটনা ঘটে বলে শ্রমিকরা অভিযোগ করেছেন।

নিহতরা হলেন—মিলের শ্রমিক ফাহিম (২৫) ও মিজানুর রহমান (৩৩)। মিজানুর রহমান  চুয়াডাঙ্গা জেলার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে। দগ্ধরা হলেন—আবু সিদ্দিক (৩০), রাজু (৪০), শাকিল (২০) ও রফিক (৪৫)। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, নিহত ফাহিমের শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল। এছাড়া ১০০ শতাংশ দগ্ধ অবস্থায় আবু সিদ্দিক ও শাকিল ভর্তি আছেন। তাদের অবস্থা সংকটাপন্ন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেনি, তবে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।