ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের সিটের নিচ থেকে উদ্ধার হলো ৬৮টি স্বর্ণবার। এর ওজন প্রায় ৭ কেজি ৮৮৮ গ্রাম। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক গোয়েন্দা বিভাগ ঐ স্বর্ণ আটক করেছে। আটককৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় পৌনে পাঁচ কোটি টাকা। অবশ্য স্বর্ণ উদ্ধার করা হলেও এর সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। ইস্যুটি নিয়ে আলাদা দুটি মামলা করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট ইএ-০২৮ বিমানটিতে স্বর্ণবার নিয়ে বিষয়ে গোপন তথ্য পায় গোয়েন্দা বিভাগ। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুবিনুল কবিরের নির্দেশনায় একটি দল ফ্লাইটটি তল্লাশি করে সেখানে অভিনব উপায়ে সিটের নিচে লুকানো ৬৮টি স্বর্ণবার পায়।
যোগাযোগ করা হলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মুবিনুল কবীর গতকাল ইত্তেফাককে বলেন, আমরা ইতিমধ্যে দুটি মামলা দায়ের করেছি। একটি বিভাগীয় মামলা ও অপরটি ফৌজদারি মামলা। ফৌজদারি মামলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।