ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (ব্যাট) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত প্রতারক অলি উল্লাহ চাকরির বিজ্ঞাপন দিয়ে ও ব্যাটে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেছে র্যাব। চক্রের মূলহোতা অলি উল্লাহর কাছ থেকে একটি ভুয়া আইডি কার্ড ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
র্যাব-২-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ আল মামুন বলেন, গত বৃহস্পতিবার রাতে পূর্ব নাখালপাড়া এলাকা থেকে অলি উল্লাহকে গ্রেফতার করা হয়। তিনি সংঘবদ্ধ একটি প্রতারক চক্রের সদস্য। এই সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে ঢাকায় বিভিন্ন কোম্পানির উচ্চপদস্থ কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা করে আসছিল। গ্রেফতার অলির নেতৃত্বে প্রতারক চক্র এ পর্যন্ত সারা দেশে ৩০ জন ভুক্তভোগীর কাছ থেকে ৫০ থেকে ৭০ হাজার এমনকি ১ লাখ টাকা পর্যন্তও নিয়েছে। এছাড়া কোম্পানির ডিলারশিপ প্রদানসহ ফেসবুকে পণ্য সরবরাহের চটকদার পোস্ট করেও অগ্রিম টাকা হাতিয়ে নেয় তারা। শুধু অলি উল্লাহ একাই ২০ লাখ বা তারও বেশি টাকা প্রতারণা করে হাতিয়ে নিয়েছে বলে জানা যায়।
এএসপি আব্দুল্লাহ আল মামুন আরো বলেন, চক্রটি মূলত বিভিন্ন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও তথ্য ব্যবহার করে ফেক আইডি খুলে যোগাযোগ করত। সর্বশেষ ব্যাটের ম্যানেজিং ডিরেক্টর, হেড অব মার্কেটিংয়ের নামে ভুয়া ফেসবুক আইডি ব্যবহার করে কোম্পানিতে চাকরির বিজ্ঞাপন দেয় এবং কোটায় চাকরির ব্যবস্থা করে দেবে বলে লাখ লাখ টাকা নিয়ে ভুক্তভোগীদের জাল নিয়োগপত্র দেয়। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন। পাশাপাশি তার সহযোগীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।