বরিশাল অফিস
পানি সম্পদ প্রতিমন্ত্রী ও বরিশাল সদর আসনের এমপি কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার প্রধান থাকলে বাংলাদেশের উন্নতি হয়। শেখ হাসিনার সরকার ২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ, ২০৩১ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের এবং ২০৪১ সালে সমৃদ্ধশালী দেশে পরিণত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে সুবর্ণ নাগরিকদের সহযোগিতা এবং কর্মস্পৃহা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলেই বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব।
৫২তম বিশ্ব সাদাছড়ি দিবস উপলক্ষ্যে শনিবার বরিশালে সুবর্ণ নাগরিকদের (দৃষ্টি প্রতিবন্ধী) মধ্যে সাদাছড়ি বিতরণ এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন এবং বরিশাল দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার উদ্যোগে বরিশাল সার্কিট হাউজে আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি আইউব আলী হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক আল-মামুন তালুকদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান প্রমুখ। দুপুরে প্রতিমন্ত্রী মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দাদের নদীভাঙন থেকে রক্ষায় নদী ড্রেজিং কার্যক্রম পরিদর্শন উপলক্ষ্যে স্থানীয়ভাবে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশাল মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।