সংবাদ সংক্ষেপ

শিক্ষাপ্রতিষ্ঠানে বই বিতরণ

মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা মোহনগঞ্জে শনিবার অর্থনৈতিক ও মানবিক উন্নয়ন সংস্থার আয়োজনে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মাঝে বই বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও আরিফুজ্জামান।

পূজামণ্ডপে ১২ হাজার মাস্ক বিতরণ

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা স্বাস্থ্যবিধি মেনে দুর্গাপূজা পালনের জন্য নাগরপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার প্রতিটি পূজামণ্ডপে মাস্ক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান শনিবার ১২৩টি পূজামণ্ডপের জন্য ১২ হাজার মাস্ক উপজেলা পূজা উদ্যাপন কমিটির হাতে তুলে দেন।

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমিবিষয়ক মতবিনিময় সভা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা পীরগঞ্জে ভূমি অফিসের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভূমিবিষয়ক মতবিনিময় সভা হয়েছে। শনিবার উপজেলা পরিষদ সভাকক্ষে ইএসডিও প্রেমদীপ প্রকল্পের আয়োজনে হেকস্ ইপার-এর সহযোগিতায় এ মতবিনিময় সভা হয়। সভাপতিত্ব করেন প্রকল্পের টেকনিক্যাল ম্যানেজার (ল্যান্ড) শাহ আমিনুল হক।

সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদককে অব্যাহতি

গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়াকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে কেন তাকে চূড়ান্তভাবে দল থেকে অব্যাহতি দেওয়া হবে না এজন্য কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। শনিবার এই তথ্য নিশ্চিত করেছেন কৃষকলীগ গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক কুমার পাল।

মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স স্থাপনে মতবিনিময় সভা

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স স্থাপন নির্ধারণে জমিসংক্রান্ত উদ্বুদ্ধ পরিবেশ বিষয়ে শনিবার এ মতবিনিময় সভা হয়েছে। জমির মালিকদের সঙ্গে মতবিনিময় করেন বরিশাল জেলা প্রশাসক মো. অজিয়র রহমান। মুক্তিযোদ্ধা সংসদের অস্থায়ী কার্যালয়ের সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মো. শাহে আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম ফারুক প্রমুখ। 

মনোহরগঞ্জে আওয়ামী লীগের সভা

মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা শনিবার উপজেলার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।

নারী নির্যাতনবিরোধী মানববন্ধন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষ্যে শনিবার স্থানীয় বাসস্ট্যান্ডে বেসরকারি উন্নয়ন সংস্থা এলডিও নারী নির্যাতনবিরোধী মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে। ভূমিহীন নেত্রী সালমা খাতুনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য দেন এলডিওর নির্বাহী পরিচালক নুরে আলম সিদ্দিকী মঞ্জু, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল প্রমুখ।

সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহ প্রেসক্লাব সাংবাদিক সদস্যদের অংশগ্রহণে শনিবার দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. কামরুল হাসান। সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি ও জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।