আগ্রহ হারানোর শীর্ষে সাভার রিফ্র্যাক্টরিজ

সাপ্তাহিক পুঁজিবাজার

ইত্তেফাক রিপোর্ট

গত সপ্তাহ জুড়ে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে সাভার রিফ্র্যাক্টরিজ। বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহ জুড়েই দাম কমেছে। দাম কমে যাওয়ার পরও বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী হননি। ফলে সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে ৩ কোটি ৯১ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৬০ লাখ ১৮ হাজার টাকা।

অপর দিকে কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ১৮ দশমিক ২৩ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৬২ টাকা ৩০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৫০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৩৪১ টাকা ৮০ পয়সা।

শেয়ারের এমন দাম হলেও কোম্পানিটির লভ্যাংশের ইতিহাস মোটেই ভালো না। কোম্পানিটি সর্বশেষ কবে বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে নেই। তবে সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটি ২০১৯ সালের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসের ব্যবসায় শেয়ারপ্রতি ৬৫ পয়সা লোকসান করেছে।

সাভার রিফ্র্যাক্টরিজের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল বিডি থাই অ্যালুমিনিয়াম। সপ্তাহ জুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৩ দশমিক ১৪ শতাংশ। এর পরেই রয়েছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ। সপ্তাহ জুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১২ দশমিক শূন্য ৫ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা উসমানিয়া গ্লাসের ১১ দশমিক ৭৭ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১১ শতাংশ, দুলামিয়া কটনের ১০ দশমিক ৭৭ শতাংশ, ফারইস্ট নিটিংয়ের ১০ দশমিক ৫৭ শতাংশ, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের ১০ দশমিক ৫৩ শতাংশ, হামিদ ফেব্রিক্সের ১০ দশমিক ১৮ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১০ দশমিক ১১ শতাংশ দাম কমেছে।