ঘানায় গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত

পশ্চিম আফ্রিকার দেশ ঘানার উত্তরাঞ্চলে একটি তিনতলা গির্জা ধসে শিশুসহ কমপক্ষে ২২ জন নিহত হয়েছে। দেশটির জরুরি সেবা বিষয়ক কর্মকর্তারা স্থানীয় সময় শুক্রবার এ তথ্য জানান। খবর আলজাজিরার।

ঘানার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা রিকার্ড আমো-ইয়ারটে বলেন, ‘উত্তরাঞ্চলের আকইয়েম বাতাবি শহরে ঐ গির্জায় খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনার সময় গত মঙ্গলবার ভবনটি ধসে পড়ে।’ ভয়াবহ ঐ ভবন ধসের ঘটনায় যে ২২ জন নিহত হয়েছে এর মধ্যে ১০ নারী, ১০ পুরুষ ছাড়াও এক শিশুও রয়েছে বলে নিশ্চিত করে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের শীর্ষস্থানীয় ঐ কর্মকর্তা। সরকারি কর্মকর্তারা আরো জানিয়েছেন, জরুরি সেবা বিভাগের কর্মী, পুলিশ, সেনা ও দমকলবাহিনীর সদস্যরা আটকে পড়াদের বের করে আনতে ধসেপড়া গির্জা ভবনটির ভেতরে এখনো উদ্ধার অভিযান চালাচ্ছেন।