রয়টার্স
পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেই দুদা করোনা ভাইরাসে আক্র?ান্ত হয়েছেন। তিনি কোয়ারেন্টাইনে আছেন এবং তার শরীর ভালো আছে। গতকাল প্রেসিডেন্টশিয়াল মন্ত্রী ব্লাইজেই স্পাইচালস্কি এক টুইটে প্রেসিডেন্ট দুদার কোভিড-১৯ ‘পজিটিভ’ হওয়ার খবর জানান।
স্পাইচালস্কি লেখেন, প্রেসিডেন্টের কোভিড-১৯ পরীক্ষা করানো হয়েছে এবং ফল পজিটিভ এসেছে। তার চিকিত্সার বিষয়ে আমরা সবসময় খবর রাখছি। ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনা ভাইরাস সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে শুরু করেছে। মহাদেশটি সংক্রমণের এ ঊর্ধ্বগতি রুখতে হিমশিম খাচ্ছে। গত বৃহস্পতিবার সেখানে এক দিনে ২ লাখেরও বেশি নতুন রোগী শনাক্ত হয়। এর পরিপ্রেক্ষিতে সংক্রমণের বিস্তার রোধে গতকাল থেকে পোল্যান্ডে নতুন কিছু বিধিনিষেধ কার্যকর হয়েছে। আর এদিনই প্রেসিডেন্টের এ রোগে আক্রান্ত হওয়ার খবর এলো। পোল্যান্ডে শুক্রবার ১৩ হাজার ৬৩২ জন নতুন রোগী শনাক্ত হয়। প্রেসিডেন্ট দুদার বয়স ৪৮ বছর। তাকে তরুণ হিসেবে বর্ণনা করে স্থানীয় একটি রেডিওতে দেশটির উপ-স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট একজন তরুণ মানুষ। আমার বিশ্বাস তিনি কোনো শারীরিক জটিলতা ছাড়াই এ রোগ থেকে সুস্থ হয়ে উঠবেন। উপ-স্বাস্থ্যমন্ত্রী গত কয়েকদিনে প্রেসিডেন্টের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনে যাওয়ার পরামর্শও দিয়েছেন।
পোল্যান্ডে এখন পর্যন্ত কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ৪ হাজার ১৭২ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার মার গেছেন ১৫৩ জন। মোট আক্রান্ত ২ লাখ ২৮ হাজার ৩১৮ জন। গতকাল থেকে কার্যকর হওয়া বিধিনিষেধে আগামী অন্তত দুই সপ্তাহ সব রেস্তোরাঁ ও বার বন্ধ রাখতে বলা হয়েছে। শুধু তৃতীয় শ্রেণি বা তার নিচের ক্লাসের শিশুরা স্কুলে যাবে। বাকিরা দূর-শিক্ষা পদ্ধতিতে লেখাপড়া চালিয়ে যাবে। পাঁচ জনের বেশি জনসমাবেশও নিষিদ্ধ করা হয়েছে।