ক্রুদ্ধ ছড়া

এই সময়ের ছড়া 

রুশিদান ইসলাম

 

দুনিয়াতে কী যে হলো, ভাইরাসে ঠাসা

ঘরে থাকো, সাবধান, নেই যাওয়া-আসা।

সবাইকে সন্দেহ, থাকো দূরে দূরে

করোনার ভাইরাস সারা দেশ জুড়ে।

 

করোনার ভাইরাস কার দোষে ছড়াল?

নিজেদের ফাঁদে ওরা নিজেরাই জড়াল।

আমেরিকা, চীন দোষে দুজনকে দুজনে

মিলেমিশে কাজ কভু করে না তো কু-জনে। 

 

সাথে সাথে সব দেশে ছড়াল তো করোনা

সাজা তুমি দেবে কাকে, ওরা কত বড় না!

দশ লাখ মৃত্যুর কে বইবে দায়ভার

শোধ নেবে একদিন প্রিয়জন যায় যার।

 

পরিবেশ বিনাশ আর হিংসা ও যুদ্ধ

ফল হলো ভাইরাস, প্রকৃতি ক্রুদ্ধ।

এখনো কি বোধ নেই ভালো আর মন্দ

পৃথিবী কি বাঁচাবে না ছেড়ে দিয়ে দ্বন্দ্ব!