বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে বাগেরহাটে ঝড়ো হাওয়ার পাশাপাশি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হয়েছে। গত বুধবার (২১ অক্টোবর) মাঝরাত থেকে টানা দুই দিনের বর্ষণে প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। পানিবন্দি হয়ে পড়েছে হাজার হাজার মানুষ। এতে দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া সাধারণ মানুষ। টানা বর্ষণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মৌসুমি কৃষকরা। জেলা সদরসহ উপকূলীয় উপজেলাগুলোর রাস্তাঘাট, পুকুর, মাছের ঘের তলিয়ে গেছে। নেট ও পাটা দিয়ে ঘের রক্ষার আপ্রাণ চেষ্টা করছেন চাষিরা। এসব ঘেরের পাড়ের অধিকাংশ জমির শসা, করলা, ঢেঁড়স, লাউ ও কুমড়াসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এমনকি বাসায়ও ঢুকে পড়েছে পানি। অনেক স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় বেড়েছে জনদুর্ভোগ। শুক্রবার (২৩ অক্টোবর) শরণখোলা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সরদার মোস্তফা শাহিন জানিয়েছেন, শরণখোলার বগি এলাকায় দ্রুত পানি অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে। শরণখোলা-মোড়েলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের একটা অংশ ধসে যাওয়ার বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে জানানো হয়েছে। এদিকে প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে তেমন বাইরে বের হচ্ছে না। নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বেড়েছে। কৃষি ও মত্স্য বিভাগের সঙ্গে আলোচনা করে ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছচাষিদের সহায়তা প্রদানে দ্রুত পদক্ষেপ নিতে উদাত্ত আহ্বান জানাচ্ছি।
নিগার সুলতানা সুপ্তি
প্রাণিবিদ্যা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়