খেয়ালী নাট্যগোষ্ঠীর প্রেমাঞ্জলি দুই দিনের উত্সব শেষ

ম ইত্তেফাক রিপোর্ট

করোনার পর খুলতে না খুলতেই নাট্যকর্মী ও দর্শকদের পদচারণায় মুখর এখন শিল্পকলা একাডেমি। খুলে দেওয়ার দিন থেকেই শুরু হয়েছিল খেয়ালী নাট্যগোষ্ঠী আয়োজিত দুই দিনব্যাপী প্রেমাঞ্জলি অনুষ্ঠান। নাট্যদলটির প্রতিষ্ঠাতা এ কে এ কবীর স্মরণে অনুষ্ঠিত উত্সবের শেষ দিন ছিল গতকাল শনিবার। এ দিনের আয়োজনে মঞ্চস্থ হয় চারটি নাটক।

উত্সবের সমাপনী সন্ধ্যায় মঞ্চস্থ হয় প্রাচ্যনাটের প্রযোজনা ‘ফাউস্ট অথবা অন্য কেউ’। নাটকটির ভাবনা এসেছে নাটকে অভিনয় করা ছয় অভিনয় শিল্পীর মাধ্যমে। তারা হলেন—তানজি কুন, চেতনা রহমান ভাষা, প্রজ্ঞা তাসনুভা রুবাইয়াত্, গোপী দেবনাথ ও ফয়সাল ইবনে মিজান (রাতুল)। নাটকের ঘটনাপ্রবাহে উঠে এসেছে মানুষের স্বার্থপরতা ও হানাহানির চিত্র।

এরপর মঞ্চস্থ হয় খেয়ালী নাট্যগোষ্ঠী পরিবেশিত নাটকের শিরোনাম ‘যুদ্ধ যুদ্ধ’। প্রযোজনাটির রচনা ও নির্দেশনায় এ কে এ কবীর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শাহীন, খোকন, জুয়েল, শুভ্র, আসাদ, রানু আরা, লিটু, মিঠু, বাসার, ইভা, বিথী, সহিফা ও ইব্রাহিম।

তৃতীয় নাটকটি ছিল মৈত্রী থিয়েটারের নাটক ‘চা অথবা কফি’। রমানাথ রায়ের রচনায় প্রযোজনাটির নির্দেশনায় ছিলেন নিয়াজ্জ আহম্মেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—নিয়াজ আহম্মেদ, হাফিজুর রহমান, সূচনা, এ্যানী, রাজু, লালন ও আভা। সর্বশেষ মঞ্চস্থ হয় উত্স নাট্যদলের নাটক ‘পতাকায় বঙ্গবন্ধু’। রচনার পাশাপাশি প্রযোজনাটির নির্দেশনা দিয়েছেন ইমরান হোসেন ইমা। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ইমু, লিজা, নাহিদ, আপন, হেলাল, অপু ও অর্ক। উত্সবের প্রথম দিন শুক্রবার এ কে এ কবীরের লেখা গান, কবিতা ও নাটকের অংশবিশেষ পরিবেশিত হয়। এছাড়া স্মৃতিচারণের মাধ্যমে এ কে এ কবীরের শ্রদ্ধা নিবেদন করা হয়।