নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার ডাক

ম ইত্তেফাক রিপোর্ট

মাদক, ধর্ষণ ও নারী-শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বক্তারা। তারা বলেছেন, দ্রুত বিচার আর শাস্তির নিশ্চয়তার মাধ্যমে নারী নির্যাতন বন্ধ করতে হবে। একই সঙ্গে মাদকের আগ্রাসনও বন্ধ করতে হবে। সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। ‘নারী ঐক্য পরিষদ’ এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। সংগঠনের সাংগঠনিক সম্পাদক শাহানা ফেরদৌসী লাকীর সভাপতিত্বে বক্তব্য রাখেন নুরুন্নাহার খানম লুনা, মোফাজ্জল হোসেন স্বাধীন প্রমুখ। কর্মসূচিতে বক্তারা বলেন, সম্প্রতি ঢাকা ও সিলেট এমসি কলেজে সংঘটিত সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় সাধারণ শান্তিপ্রিয় জনগণের সঙ্গে আমরাও উদ্বিগ্ন ও শঙ্কিত। তাই জনগণকে সঙ্গে নিয়ে তারা সামাজিক আন্দোলন চালিয়ে যাবেন।