বন্দরে নারী শ্রমিকের মৃত্যু নিয়ে রহস্য

ম স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

বন্দরে রাহিমা বেগম নামে জুট মিলের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বন্দরের মদনপুর এলাকার সুরুজ আলী টেক্সটাইল মিলের সামনের রাস্তা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। লাশের দুই হাঁটু, পিঠ ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে এবং নাক থেঁতলানো। লাশের কান দিয়ে রক্ত ঝরছিল বলে পুলিশ জানায়। নিহত রাহিমা বন্দরের মদনপুর বড় সাহেব বাড়ির কৈতারবাগ এলাকার রুহুল আমিনের স্ত্রী। পুলিশ সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা বললেও রাহিমার পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

নিহত রাহিমার ভাগ্নে আবদুর রহমান জানান, তার খালা রাহিমা বেগমের বিয়ে হয় রুহুল আমিনের সঙ্গে। রুহুল আমিন পরে আবারও বিয়ে করেন। এরপর নানা কারণে রাহিমাকে নির্যাতন করত রুহুল। পরে সতীনের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি কাঁচপুর এলাকার একটি জুট মিলে কাজ নেন এবং আলাদা জীবনযাপন করেন। গত শুক্রবার সকালে রাহিমা বেগম কাজে যান। বেলা ২টায় অফিস ছুটির পরও বাড়ি না আসায় তারা বিভিন্ন জায়গায় রাহিমার খোঁজ করেন। অবশেষে গতকাল সকাল ৭টায় রাহিমার লাশ উদ্ধার করে পুলিশ।