ট্রফির মিশনে বৃষ্টির শঙ্কা

আজ ফাইনাল

স্পোর্টস রিপোর্টার

সকাল থেকেই হোটেলে অপেক্ষায় দুই দল। সাড়ে ১০টা থেকে অনুশীলন। গুঁড়ি গুঁড়ি বর্ষণ অব্যাহত থাকায় গতকাল সাড়ে ১১টায় অনুশীলন স্থগিত করে দেয় নাজমুল হোসেন শান্তর একাদশ। আরো ঘণ্টা দুয়েক অপেক্ষার পর অনুশীলনে আসার সিদ্ধান্ত জানায় মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ। দুপুর ২টায় মিরপুর স্টেডিয়ামে এসেও বৃষ্টির বাধায় পড়তে হয়েছে মাহমুদউল্লাহদের।

গতকাল মূল মাঠে অনুশীলন করতে পারেনি দলটি। ইনডোরে অনুশীলন করেছেন ক্রিকেটাররা। অনুশীলন শেষে ইনডোর থেকে ফেরার সময় দৌড়ে ড্রেসিংরুমে ফিরতে হয়েছে লিটন দাস-রুবেল হোসেনদের। বৃষ্টির শঙ্কা মাথায় নিয়েই আজ মাঠে গড়াচ্ছে বিসিবি প্রেসিডেন্টস কাপের ফাইনাল। বাদলমুখর আবহাওয়া দেখেই এর আগে দুই দিন পেছানো হয়েছিল টুর্নামেন্টের ট্রফির লড়াই। কিন্তু আজও ম্যাচটা নিরবচ্ছিন্নভাবে হবে, তা বলা যাচ্ছে না।

আবহওয়ার পূর্বাভাস অনুযায়ী আজও ঢাকার আকাশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওয়েদার ডট কমের তথ্য বলছে, সকালে বৃষ্টির সম্ভাবনা আছে। দুপুরের পর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে। সন্ধ্যার দিকে  প্রকৃতির কান্না বন্ধ হয়ে আবহাওয়া স্বাভাবিক হয়ে উঠতে পারে। তাই পূর্ণ ৫০ ওভারের ম্যাচ নিয়ে সংশয় থাকছে।

তবে ট্রফি জয়ের লড়াইয়ে নামতে মুখিয়ে আছে দুই দল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ দুপুর দেড়টায় শুরু হবে মাহমুদউল্লাহ-নাজমুল একাদশের ম্যধকার ফাইনাল। বিটিভির খেলাটি সম্প্রচার করার কথা রয়েছে। এছাড়া ফেসবুক, ইউটিউবেও ম্যাচটি উপভোগ করতে পারবেন ক্রিকেটপ্রেমীরা।

চার ম্যাচে তিনটি জয় নিয়ে ফাইনালে উঠেছে তারুণ্যে গড়া নাজমুল একাদশ। সমান সংখ্যক ম্যাচে দুটি জয় নিয়ে ট্রফির মঞ্চে এসেছে মাহমুদউল্লাহর দল। লিগ পর্বে দুই ম্যাচেই নাজমুলদের কাছে হেরেছিল দলটি। ফাইনালে তৃতীয় সাক্ষাত্টা নিজেদের করে নিতে চায় মাহমুদউল্লা বাহিনী। নাজমুলরাও প্রতিপক্ষের বিরুদ্ধে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার টার্গেটেই নামবে। আরাধ্য ট্রফি জয়ে সেরাটা দেবে দুই দল।

আজ ফাইনালে জয়ী দল ১৫ লাখ টাকা পুরস্কার পাবে। রানার্সআপ পাবে সাড়ে ৭ লাখ টাকা। করোনাকালে বিশেষ আয়োজন বিসিবি প্রেসিডেন্টস কাপের ট্রফি বগলদাবা করার অপেক্ষায় মাহমুদউল্লাহরা। তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ আমরা ফাইনালে উঠেছি। আমরা সবাই মুখিয়ে আছি ভালো ফাইনাল যেন খেলতে পারি।’

নাজমুল চান ইতিবাচক মানসিকতায় ফাইনাল খেলতে। তরুণ এই অধিনায়ক বলেছেন, ‘ভালো লাগছে এ রকম একটা টুর্নামেন্টে ফাইনাল খেলতে পেরে এবং আমরা সবাই অনেক এনজয় করেছি এই টুর্নামেন্টটা। আর আশা করছি ফাইনালেও ভালো কিছুই হবে। ফাইনালেও আমরা একটা পজিটিভ মাইন্ড সেটআপ নিয়ে আমরা যাবো।’