স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সিলেটে থানা হেফাজতে রায়হান নিহতের মূল আসামি শনাক্ত হয়েছে। খুব শিগিগর তাকে ধরা হবে বলে আশা করা হচ্ছে। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল সার্কিট হাউজে স্থানীয় নেতাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কোনো অপরাধী অপরাধ করে ছাড় পাবে না। পুলিশ জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। শুধু করোনা নয়, কোনো জাতীয় দুর্যোগ যখনই আসে তখনই পুলিশ সামনে এসে দাঁড়ায়। পুলিশের অপরাধে জড়িয়ে পড়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশ যেখানেই অন্যায় করেছে, শৃঙ্খলা ভঙ্গ করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তির মুখোমুখি করা হয়েছে। কোনো নৈরাজ্য সৃষ্টির জন্য কাউকেই ছাড় দেওয়া হচ্ছে না।
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন টাঙ্গাইল-৫ আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৪ আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-২ আসনের এমপি তানভীর হাসান ছোটমনির, টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি খান আহমেদ শুভ প্রমুখ।