সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে :কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশের সড়ক নেটওয়ার্কে বৈপ্লবিক পরিবর্তন আসবে। নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে গতকাল শনিবার ‘রোড সেইফটি কোলাবোরেশন, রিডিউজিং রোড ফ্যাটিলিটিজ ফিফটি পারসেন্ট বাই টোয়েন্টি থার্টি’ শীর্ষক ভার্চুয়াল আলোচনাসভায় তিনি আরো বলেন, ‘নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার। টেকসই উন্নয়ন অভীষ্ট-এসডিজি অনুযায়ী সড়ক দুর্ঘটনা ৫০ ভাগ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা অর্জনে এবং জাতিসংঘ ঘোষিত দ্বিতীয়বারের মতো ডিকেড অব অ্যাকশন ফর রোড সেফটির লক্ষ্যমাত্রা অর্জনে আইনগত কাঠামো শক্তিশালী করা হয়েছে। আন্তর্জাতিক ও দেশীয় আইনগত কাঠামোর সঙ্গে সমন্বয় করে ন্যাশনাল রোড সেফটি স্ট্র্যাটেজিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।’

ব্র্যাক-বিশ্বব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনাসভায়                 ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। পুরুষদের তুলনায় মহিলা গাড়িচালকেরা অধিক সাবধানি ও আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, সরকার মহিলা গাড়িচালক তৈরির সুযোগ বাড়াচ্ছে। নারী গাড়িচালক তৈরির কার্যক্রম ব্র্যাকই প্রথম শুরু করে। গাড়ি চালনায় পুরুষদের তুলনায় নারীরা অধিক সাবধানি এবং ট্রাফিক আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই সরকার অধিক সংখ্যায় নারী চালকের সংখ্যা বাড়াতে চায়। সড়ক দুর্ঘটনা রোধ তথা এর ফ্যাটালিটি রেট অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে বেসরকারি পর্যায়ে ব্র্যাক ও বিশ্বব্যাংকের এই যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগ যুক্ত হলে এসব সেক্টরে যে কোনো লক্ষ্য অর্জন সহজতর হবে। নিরাপদ ও ভ্রমণবান্ধব সড়ক নেটওয়ার্ক গড়ে তোলা সরকারের অগ্রাধিকার।

এ সময় ভার্চুয়াল প্ল্যাটফরমে বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ফর বাংলাদেশ অ্যান্ড ভুটান মিজ দান্দান চেন, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক রোড সেফটি প্রোগ্রাম পরিচালক আহমেদ নাজমুল হোসেইন, বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট দীপন বোস প্রমুখ উপস্থিত ছিলেন।

সড়ক নিরাপত্তা উন্নয়নে বিশ্বব্যাংক ও ব্র্যাকের সমঝোতা স্মারক স্মাক্ষর

বাংলাদেশে সড়ক নিরাপত্তা উন্নয়নে সহযোগিতার লক্ষ্যে আজ বিশ্বব্যাংক ও ব্র্যাকের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারিত্বের অধীনে কর্মসূচির উদ্বোধন করেন। ‘সড়ক নিরাপত্তা সহযোগিতা: ২০৩০ সাল নাগাদ সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫০% হ্রাসকরন’ শীর্ষক অনুষ্ঠানে অংশদারিত্বের অংশ হিসেবে ৪৮ কিলোমিটার যশোর-ঝিনাইদহ করিডোর বরাবর সড়ক নিরাপত্তা সচেতনতামূলক প্রচারণাও শুরু করা হয়। বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রচারণাটি বিশ্বব্যাংকের সহায়তায় ‘ইউ কেয়ার’ প্রকল্পের সাথে যুক্ত হবে। ২০২০ সালের জুন মাসে এ প্রকল্পের অনুমোদন দেয়া হয়। বিদ্যমান দুই লেনবিশিষ্ট মহাসড়ক, ভোমরা-সাতক্ষীরা-নাভারন এবং যশোর-ঝিনাইদহ সড়ককে একটি নিরাপদ ও চার লেনবিশিষ্ট মহাসড়কে উন্নীত করা এ প্রকল্পের লক্ষ্য। সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গণপরিবহণ ব্যবস্থায় নারীদের নিরাপত্তা বৃদ্ধি এবং নারী চালকসহ চালকদের প্রশিক্ষণ ও দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাক ও বিশ্বব্যাংক অংশীদার হিসেবে কাজ করতে যাচ্ছে।