ইত্তেফাক ডেস্ক
বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় গতকাল শনিবার চার জন নিহত হয়েছেন। পঞ্চগড়ে ট্রলির সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে চালকসহ দুই জন নিহত হয়েছেন। জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা। এছাড়া গাজীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে গেলে বাসের চাকায় পিষ্ট হয়ে মারা গেছেন আরো এক জন। প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
পঞ্চগড় প্রতিনিধি ও তেঁতুলিয়া সংবাদদাতা : পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় পাথরবাহী ট্রলির সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ছয় জন। শনিবার সন্ধ্যায় পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কের শালবাহান রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন—জেলার তেঁতুলিয়া উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের কলোনিপাড়া এলাকার ওষুধ ব্যবসায়ী (সাথী ফার্মেসি) রবিউল ইসলামের স্ত্রী ইয়াসমিন (৩৮) ও মাইক্রোচালক সুনীল (২৩)। গুরুতর আহতরা বর্তমানে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন।
আক্কেলপুর (জয়পুরহাট) : জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নুরজাহান বেগম (৫৫) নামে এক প্রধান শিক্ষক নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় জয়পুরহাট-আক্কেলপুর সড়কের সুক্তাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নুরজাহান বেগম আক্কেলপুর উপজেলার হাজিপাড়া গ্রামের ফারুক আহমেদের স্ত্রী এবং হাস্তা বসন্তপুর শাহ মাখদুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। জয়পুরহাট শহর থেকে ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে আক্কেলপুরের বাড়িতে ফেরার পথে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে গাজীপুরে বিদ্যুত্ উত্পাদন কেন্দ্রের এক কর্মী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সত্যরঞ্জন দেবনাথ (৪০)। তিনি নরসিংদী জেলায় পলাশ থানার পণ্ডিতপাড়া গ্রামের সুভাষ দেবনাথের ছেলে। সত্যরঞ্জন দেবনাথ গাজীপুর মহানগরীর আরপিসিএলের কড্ডা পাওয়ার প্ল্যান্টে হেলপার পদে চাকরি করতেন।
পুলিশ জানায়, পূজার ছুটিতে মোটরসাইকেল যোগে গ্রামের বাড়ি যাওয়ার জন্য শনিবার সকালে স্ত্রী শান্তিরাণীকে নিয়ে রওনা হন। সকাল ৭টার দিকে কড্ডা ট্রাকস্ট্যান্ড এলাকায় তার স্ত্রী মোটরসাইকেলের পেছনে উঠে বসার সময় তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি বাস তাকে চাপা দিয়ে চলে যায়।