মেহেরপুর প্রতিনিধি
‘ধর্ষকদের উল্লাস ও ধর্ষিতাদের কান্না আর নয় আর নয়’ এই স্লোগানকে সামনে রেখে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন করেছে মেহেরপুর ওয়েব ফাউন্ডেশন ইয়ুথ অ্যাসেম্বলি। রবিবার সকালে জেলা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় ওয়েভ ফাউন্ডেশন উপ-সমন্বয়কারী আব্দুস সালাম বলেন, সারা দেশে যেভাবে শিশু ও নারী নির্যাতন চলছে তা উদ্বেগজনক। বিচারহীনতার কারণে ধর্ষণকারীরা আইনের ফাঁক-ফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে। এ সময় আরো উপস্থিত ছিলেন, ইয়ুথ অ্যাসোসিয়েশনের যুগ্ম-আহ্বায়ক রাজু আহমেদ, ইউনিট ওয়েব ম্যানেজার তারিক কাজী ও ইয়ুথ সদস্য জাহাঙ্গীর আলম, মিতু আক্তার, জাবেদা খাতুন, সাব্বির হোসেন জিয়া, শামীম জামান প্রমুখ।