তাড়াশে মরে যাচ্ছে মাছ

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা

টানা বৃষ্টি ও তিন দিন ধরে রোদ না থাকায় পানিতে অক্সিজেন সংকটে মরে যাচ্ছে মত্স্য খামারিদের পুকুরের মাছ। সরেজমিনে তাড়াশ পৌর এলাকার থানা পাড়া বাকিজা পুকুর, নতুন পাড়া ওয়াপদা পুকুর, কবরস্থান মধুসা পুকুর ও আসানবাড়ী কবরস্থান পুকুরে দেখা যায়, রাতভর মাছ মরে ভেসে উঠেছে। মত্স্য খামারিরা মরা মাছ তুলে আশপাশে ফেলে দিচ্ছেন। শহিদুল ইসলাম, সোহানুর রহমানসহ একাধিক খামারি জানান, পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দেওয়ায় মাছ মরে যাচ্ছে। উপজেলা মত্স্য কর্মকর্তা মসগুল আজাদ বলেন, সূর্যের আলো না পড়লে পানিতে অক্সিজেন তৈরি বাধাগ্রস্ত হয়। এ সময়টাতে পুকুরে অক্সিজেন ট্যাবলেট দিতে হবে।