মা-ইলিশ শিকারের দায়ে ৫৪ জেলেকে জেল-জরিমানা

ভেদরগঞ্জ (শরীয়তপুর) সংবাদদাতা

ভেদরগঞ্জের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫৪ জন জেলেকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের মধ্যে ২৫ জনকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড ও বাকিদের জরিমানা করা হয়েছে। শনিবার সকাল থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাফিউল ইসলামের নেতৃত্বে উপজেলা সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ মা-ইলিশ রক্ষায় এ অভিযান চালায়।

ভেদরগঞ্জ উপজেলা মত্স্য কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত ১২ ঘণ্টায় অভিযান চালিয়ে ৫৪ জন মা-ইলিশ শিকারিকে আটক করে জেল-জরিমানা দেওয়া হয়েছে। এ সময় বিপুল পরিমাণ কারেন্ট জাল, ২৫ কেজি ইলিশ মাছ, একটি স্পিডবোর্ড ও তিনটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়েছে।