রিং শাইনের কারখানা বন্ধের মেয়াদ বাড়ল

ইত্তেফাক রিপোর্ট

ফের কারখানা বন্ধের মেয়াদ বাড়ল পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেডের। কোম্পানির কারখানা বন্ধ থাকার মেয়াদ এ নিয়ে দ্বিতীয় দফায় বাড়ানো হলো। গতকাল রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। আজ সোমবার ২৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় দফায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। জানা গেছে, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি কোভিড-১৯-এর কারণে কোম্পানিটির বিদেশি ক্রেতা কমে গেছে এবং দেশের ইপিজেড থেকে আমদানিকরা কাঁচামালের ঘাটতি হয়েছে। এ কারণে কোম্পানিটি কারখানা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রিং শাইন। প্রসঙ্গত, প্রথমবার গত ২৬ সেপ্টেম্বর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত এক মাস কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল রিং শাইন। কোম্পানিটি ২০১৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।