স্পোর্টস রিপোর্টার
আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু স্টেডিয়ামে যাওয়া বাংলাদেশ ও নেপাল ফিফা প্রীতি ম্যাচ দর্শকের উপভোগ করার সুযোগ আছে। আন্তঃমন্ত্রণালয়ের সঙ্গে সভা শেষে এমনটাই জানিয়েছে বাফুফে। দর্শক ঢুকবে, তবে ফিফার নির্দেশনা আছে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে খুব কড়াকড়ি অবস্থানে থাকতে হবে। বাফুফে ফিফার নিয়ম অনুসরণ করে নেপাল বাংলাদেশ ম্যাচে দর্শক ঢোকার ব্যবস্থা করবে। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ বললেন,‘ওয়ান থার্ড দর্শক ঢুকবে, তবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।’ তিনি বলেন, ‘গেটে প্রবেশ মুখে জ্বর মাপা হবে। মুখে মাস্ক পরতেই হবে এবং গ্যালারিতে বসার জন্য নির্ধারিত মার্কিং করা থাকবে, সেখানে দর্শক বসবেন।’ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য বঙ্গবন্ধু স্টেডিয়ামের গ্যালারিতে চেয়ার স্থাপন করা হয়েছিল। তখন আসন সংখ্যা কমে গিয়েছিল। গ্যালারি হতে চেয়ার সরিয়ে ফেলায় আসন ব্যবস্থা আগের চেয়ে বেড়ে গিয়েছে। তাতে বাফুফে দেখছে ১০-১২ হাজার দর্শক বাংলাদেশ নেপাল ম্যাচে প্রবেশ করতে পারবে।
ফ্লাড লাইটে খেলা হবে কি না, তা নিয়ে কালকের আন্তঃমন্ত্রণালয়ের সভায় নির্ধারণ হয়নি। বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে আবার কথা বলবে। বাফুফে সন্ধ্যা ৬টায় খেলাটা শুরু করতে চায়। কিন্তু সন্ধ্যায় খেলা আয়োজন করতে আলোর স্বল্পতা থাকলেও জাতীয় ক্রীড়া পরিষদ এই মুহূর্তে বিকল্প ব্যবস্থা করতে পারবে কি না, তা নিয়ে আলোচনা হবে।
নেপাল ৫ নভেম্বর ঢাকায় আসতে পারে। ঢাকায় এসে পুরো দল স্বাস্থ্যবিধি মানতে কোয়ারেন্টাইনে থাকতে হবে, বাফুফে স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অবেদন করেছে যেন কোয়ারেন্টাইনের সময়টা কমিয়ে চার-পাঁচ দিন করা যায় কি না। সোহগ বললেন,‘আমরা স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করছি কীভাবে এটা কমানো যায়।’
ফুটবল দল কমলাপুরে
প্রথম দিন বঙ্গবন্ধু স্টেডিয়ামে জাতীয় দলের খেলোয়াড়দের কুপার টেস্ট করা হয়েছিল। সেখানে এখন পুরোদমে মাঠ পরিচর্যার কাজ শুরু চলছে। ফুটবল দল গতকাল সকালে কমলাপুর স্টেডিয়ামে অনুশীলন শুরু করেছে। খেলোয়াড়রা বলছেন স্বল্প সময়ের মধ্যে কঠিন হয়ে যাচ্ছে প্রস্তুত নেওয়া। আর হেড কোচ জেমি ডের সহকারী কোচ মাসুদ পারভেজ কায়সার বললেন, ‘এই স্বল্প সময়ে দলটাকে প্রস্তুত করা চ্যালেঞ্জিং। যারা এখন ক্যাম্পে এসেছেন তাদের কুপার টেস্ট হয়েছে। বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা অনুশীলনে ছিলেন। তার পরও তাদের ফিটনেস পরীক্ষা নেওয়া হবে। জেমি ফিরলে মূল অনুশীলন শুরু হয়ে যাবে।’