আপাতত ম্যানেজার ছাড়াই চলবে জাতীয় দল

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ফুটবল দলের ম্যানেজার ছিলেন সত্যজিত দাস রুপু। দীর্ঘদিন তিনি দায়িত্ব পালন করলেও তাকে আর রাখা হবে কি না, বাফুফে এখনো কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। নেপাল ও বাংলাদেশের প্রীতি ম্যাচের আগ পর্যন্ত আপাতত জাতীয় দল চলবে ম্যানেজার ছাড়াই। খেলোয়াড়রা কোচের সহকারী কোচদের কাছে রিপোর্ট করছেন। আর বাড়তি কোনো প্রয়োজনীয় কাজ থাকলে সেটি টিম স্টাফ মহসীন বরাবরের মতোই বাফুফের সঙ্গে কথা বলে দায়িত্ব পালন করছেন। বাফুফে ম্যানেজার নিয়ে কথা বলতেও রাজি না। তারা এটি নিয়ে এখন ভাবছে না। নতুন ম্যানেজার খুঁজলেও সিদ্ধান্ত হবে আগামী মাসে। ৩১ অক্টোবর বাফুফের একটি সহসভাপতি পদে নির্বাচন। তারপরই বাফুফের নির্বাহী কমিটির দ্বিতীয় সভা। সেখানে ম্যানেজার নিয়োগের বিষয়টি আলোচনা হবে বলে জানা গেছে। তবে বাফুফে বেতনভুক্ত ম্যানেজার নিয়োগের পক্ষে।