লেভান্ডোভস্কির আরেক রেকর্ড

গেল মৌসুম যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন নতুন মৌসুম শুরু করলেন বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভান্ডোভস্কি। শনিবার রাতে এইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে হ্যাটট্রিকের সুবাদে চলতি মৌসুমে ১০ গোল ছুঁয়েছেন পঞ্চম ম্যাচেই। তাতে গড়া হয়ে গেছে বুন্ডেসলিগা রেকর্ডও। তার চেয়ে কম সময়ে গোলসংখ্যাটাকে দুই অঙ্কে নিয়ে যেতে পারেননি আর কেউই। তার এমন কীর্তির পর লেরয় সানে ও জামাল মুইসালার গোলে বায়ার্ন জিতেছে ৫-০ ব্যবধানে। এরপরও অবশ্য ব্যাভারিয়ানরা ফিরতে পারেনি শীর্ষে। পঁভচ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে বুন্ডেসলিগা তালিকার দুইয়ে আছে তারা। শীর্ষে আছে সমান ম্যাচে ১৩ পয়েন্ট অর্জন করা লিপজিগ।