উন্নয়ননির্ভর সমাজ বিনির্মাণে সৃষ্টিশীল তারুণ্য

মো.হাছিবুল বাসার মানিক

মেঘের আড়ালে ঢাকা সূর্যের মতো, এ দেশের মেধাবী ও সৃষ্টিশীল তারুণ্য প্রচারণার ডামাডোল থেকে দূরে থেকে নানা বিষয়ে বিস্ময়কর অবদান রেখে চলেছে। আমরা প্রায়শই হতাশ হই তারুণ্যের দানব রূপ দেখে—নীতিহীন রাজনীতিতে, সন্ত্রাসে, বিবেকহীন লেজুড়বৃত্তিতে, নিয়ন্ত্রণহীন চাঁদাবাজিতে, মেধাহীন প্রকাশে আর দিশাহীন অনিশ্চিত ভবিষ্যতে। কিন্তু আমাদের দৃষ্টি এড়িয়ে যায় তারুণ্যের ‘মাতৃ’ রূপ—যখন তা মানবিক সৃষ্টিশীল রশ্মি ছড়ায় সাধারণের কল্যাণে, সমাজের উন্নয়নে বা দেশ বিনির্মাণে। 

একটা উদাহরণ দিলে বিষয়টা স্পষ্ট হবে। রক্ত সরবারহের ব্যবস্থার কথাটা প্রায় সবার চোখে পড়ার কথা। বিভিন্ন তরুণ গোষ্ঠী বা ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত ‘ব্লাড ব্যাংক’ জীবন বাঁচাতে যথেষ্ট ভূমিকা রাখছে। এই ব্লাড ব্যাংকগুলো মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমনির্ভর সদস্যের একেকটি তথ্য ভাণ্ডার—যেগুলোকে ব্যবহার করে খুব দ্রুত প্রয়োজনীয় রক্ত সরবরাহ নিশ্চিত করা যায়। এতে রক্ত দাতারা সম্পূর্ণ স্বেচ্ছাপ্রণোদিত—প্রায় সবাই তরুণ-ফলে এটা এর বিকল্প ব্যবস্থা থেকে অনেক বেশি নির্ভরযোগ্য।

রাজধানী ঢাকাসহ নানা শহরে বসবাসকারী স্বল্প আয়ের পরিবারের শিশুদের মাঝে শিক্ষা বা স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন তরুণ সংগঠনের অবদান চোখে পরার মতো। তরুণরা ঝাঁপিয়ে পড়েছে তাদের সীমিত সামর্থ্য অথচ অসামান্য মনোবল নিয়ে। তারুণ্য এখানে সৃষ্টিশীল। তারা ব্যবহার করেছে উন্নত প্রযুক্তি, সমন্বয় করছে নানা ধারণার, খুঁজে বের করছে অর্থ জোগানের নানা কৌশল।

একই রকম প্রয়াস চলছে দেশের আনাচকানাচে, দুর্গম পাহাড়ে, সুবিধাবঞ্চিত জনপদে, অবহেলিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীতে। তারুণ্য তার মানবিক মাতৃ রূপের বর্ণচ্ছটায় আলোকিত করছে, দূর করছে অন্ধকার। অনেক তরুণ প্রতিষ্ঠা করছে স্কুল, দাতব্য প্রতিস্থান—ব্যক্তিগত বা দলীয় উদ্যোগে।

নানা প্রাকৃতিক দুর্যোগের সময় এ দেশের তারুণ্য ঝাঁপিয়ে পড়ছে দ্বিধাহীনভাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা দুর্গম এলাকার বিশেষ প্রয়োজন সম্পর্কে তথ্য দ্রুত সরবরাহ হচ্ছে আর তার প্রতিক্রিয়ায় দ্রুত সাড়া দিচ্ছে তরুণ সমাজ। তারা পৌঁছাতে পারছে স্বল্প সময়ে, স্বল্প খরচে, যথাযথ সাহায্য নিয়ে। ফলে তারা রাষ্ট্রীয় ব্যবস্থার একটা ভালো বিকল্প হয়ে উঠছে যেখানে সাধারণ জনগণের আস্থার জায়গাটা অনেক স্থানেই বেশি শক্তিশালী।

তথ্য ও প্রযুক্তির ব্যবহার, সম্প্রসারণ, রফতানি ও বৈদেশিক মুদ্রা অর্জনে তরুণদের ভূমিকা কিংবদন্তিতুল্য। এই খাত হতে পারে বাংলাদেশের আয়ের মূল উত্স।

কাজেই দেখা যাচ্ছে, তরুণ সমাজই বর্তমানে দেশের উদ্ভাবনের, মানবিক স্পন্দনের ও সামাজিক সমস্যা সমধানের এক বিরাট বিকল্প শক্তি। বিশেষ করে রাষ্ট্র যেখানে জরাগ্রস্ত ও অনেকটা স্থবির। নেতৃত্ব যেখানে ক্ষমতা লিপ্সু, রাজনীতি যেখানে পথভ্রষ্ট, তারুণ্য সেখানে আশা ভরসার স্থল। সুস্থ সবল, নির্ভীক, সত্, নিরপেক্ষ, গণতান্ত্রিক, স্বপ্নচারী তারুণ্যের জয় হোক।

n লেখক :শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়