ইত্তেফাক রিপোর্ট
গুলশানে ৭১ নম্বর রোডে বীরবিক্রম আমীন আহম্মদ চৌধুরীর নামফলক ভেঙে দেওয়ার পর তা আবারও নির্মাণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। পাকিস্তান দূতাবাসের সামনের এই সড়কে গতকাল এই নাম ফলকের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। এ সময় তারা এই নামফলক ভাঙার সুষ্ঠু তদন্তেরও দাবি জানান।
সিটি করপোরেশনের সূত্রে জানা যায়, ২০০৮ সালে ৭১ নম্বর রোডে প্রথম এই সড়কের নামফলক স্থাপন করা হয়। এ সময় বীরবিক্রম আমীন আহম্মদ চৌধুরীর নামে দুটি নামফলক করা হয়। ১৯৭১ সালের ৪ আগস্ট পাকিস্তান সেনাবাহিনীর হামলায় গুরুতর আহত হয়েছিলেন তিনি। ২০০৮ সালে স্থাপন করা হলেও ৭১ নম্বর রোডে স্থাপিত ভিত্তি প্রস্তর গত মাসে ভেঙে ফেলা হয়। পুনর্নির্মিত নামফলকে গতকাল ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নবপ্রজন্ম মুক্তিযোদ্ধা সংগঠন। এ বিষয়ে উত্তর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘সিটি করপোরেশন থেকে এটি স্থাপন করা হলেও কে বা কারা এটি ভেঙে ফেলে। পরে আমাদের জানানোর পরে আমরা সেটি পুনরায় স্থাপন করেছি।’